এই করোনাকালে ‘বিশ্বসুন্দরী’ চমকের পর আবারও জুটিবদ্ধ হচ্ছেন সময়ের অন্যতম সফল দুই মুখ সিয়াম-পরীমনি। এবার তাদের নিয়ে চ্যালেঞ্জ নিচ্ছেন টিভি নাটকের প্রশংসিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। এটি তার প্রথম সিনেমা। নাম ‘বায়োপিক’।
রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় খবরটি জানালো প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া তথা আরটিভি। এদিন রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির কার্যালয়ে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন তারা। এতে বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে চুক্তিপত্র সই করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, নির্মাতা সঞ্জয় সমদ্দার, নায়ক সিয়াম ও নায়িকা পরীমনি।
চুক্তিবদ্ধ হওয়ার প্রতিক্রিয়ায় সিয়াম আহমেদ বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি উপস্থাপক হিসেবে আরটিভিতে কাজ করেছি। সেখান থেকে অভিনয় ও নায়ক হওয়া! এই জায়গাটার প্রতি অন্যরকম ভালো লাগা রয়েছে। এবার বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। অনুভূতি দারুণ। এটি একটি থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। আর নায়িকা হিসেবে থাকছে পরী। ওর সঙ্গে আগেও কাজ করা হয়েছে। পরিচালক সঞ্জয় সমদ্দারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সবাই সেরাটা দিয়ে কাজ করলে দারুণ একটি চলচ্চিত্র হবে বলে আমার বিশ্বাস।’
পরীমনি বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া প্রশংসিত প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের পরিকল্পনা আমার দারুণ লেগেছে। আসলে একটি ভালো ছবির জন্য ভালো পরিকল্পনার প্রয়োজন। এই ছবির গল্প ও টিম ভীষণ ভালো। আর যে চরিত্রটি আমাকে মুগ্ধ করেছে তা নিয়ে এখন কিছু বলবো না। দর্শক সিনেমা হলে এসে সেটি দেখবে।’
পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘নির্মাতা হিসেবে আমার একটাই স্বপ্ন ছিল একদিন চলচ্চিত্র বানাবো। এবার সেই স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে। বেঙ্গল মাল্টিমিডিয়া সেই সুযোগটি আমাকে করে দিয়েছে। শুরুতেই সিয়াম-পরীর মতো তারকা শিল্পীকে পেয়েছি। নিজের সেরাটা দিয়ে ছবিটি নির্মাণ করতে চাই। দর্শকরা ছবিটি দেখে নিরাশ হবেন না।’
ছবির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘সত্যি বলতে আমাদের সিনেমার সুনামের জায়গাটা মাঝে হারিয়েছি। চলচ্চিত্রে সেই ভালো সময়টা ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। ‘যদি একদিন’, ‘সাপলুডু’র মাধ্যমে আমরা ভালোভাবেই কাজটি এগিয়ে নিয়েছিলাম। কিন্তু কোভিডের কারণে ধারাবাহিকতায় বাধাগ্রস্ত করেছে। সঞ্জয়-সিয়াম-পরীরা ভালো একটি ছবি উপহার দেবে। দর্শকরা হলমুখী হবে, এটাই আমার প্রত্যাশা।’’
‘বায়োপিক’ ছবিটির শুটিং শিগগিরই শুরু হচ্ছে বলে জানান নির্মাতা সঞ্জয়।
এদিকে ‘বিশ্বসুন্দরী’র পর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের আরও একটি ছবিতে জুটি বেঁধেছিলেন সিয়াম-পরী। শিশুতোষ এই ছবিটি নির্মাণ করেছেন আবু রায়হায় জুয়েল। এটি এখন মুক্তির মিছিলে আছে।




