আকাশজুড়ে ১০১টি ফানুস উড়িয়ে উদযাপিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিশেষ আয়োজন ‘মুক্তির মহানায়ক’।
বুধবার, ১৭ মার্চের প্রথম প্রহরে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে দাঁড়িয়ে ফানুস ওড়ানো ছাড়াও কাটা হয় কেক, ফোটানো হয় আতশবাজি।
আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে এই উৎসবের শুরুটা হয় ১৬ মার্চ সকাল ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে।
এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও সাধারণ শিশুদের নিয়ে দুই ভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী মনিরুজ্জামান ও আশরাফুল আলম পাপলু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
এদিন বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘মুক্তির মহানায়ক’ শিরোনামে রবিউল ইসলাম জীবনের রচনা এবং ইবরার টিপুর সুরে প্রবীণ-নবীন শতাধিক শিল্পীর পরিবেশনা ছিলো মনোমুগ্ধকর। অ্যাম্ফিথিয়েটারের রঙিন মঞ্চে একের পর এক নাচ আর গান পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছেন মাইলস, ডিফারেন্ট টাচ, আঁখি আলমগীর, মেহরাব, সজলসহ অনেকে।
অন্যরকম পরিবেশনা ছিল আরটিভি ‘বাংলার গায়েন’ চ্যাম্পিয়ন ও টপ সেভেন-এর পরিবেশনা। গীতাঞ্জলী ও লিখনের দলীয় নৃত্যের তালে তালে প্রাণবন্ত ছিলো পুরো আয়োজন।
১৭ মার্চের প্রথম প্রহরে রাত ঠিক ১২টায় হাতিরঝিলের আকাশজুড়ে ১০১টি ফানুস উড়িয়ে আতশবাজি ফুটিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মোৎসবের কেক কাটার মধ্যদিয়ে উদযাপন করা হয় মাহেন্দ্রক্ষণ।
এই আয়োজনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু প্রমুখ।
শিবলী জিয়ার প্রযোজনায় পুরো আয়োজনটি সঞ্চালনা করেছেন যৌথভাবে শিমুল মুস্তাফা, শাকিলা মতিন মৃদুলা ও শান্তা জাহান।



