হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বর্ষীয়ান নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ। তার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। তবে শ্বাসকষ্ট ও দুর্বলতা থাকায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনি প্রচারণা বাসা থেকেই করতে চান তিনি।
জানা যায়, আজ (২৮ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফেরার অনুমতি পান তিনি। এর আগে গতকাল (২৭ মার্চ) রাতে পেয়েছেন করোনা নেগেটিভের সনদ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন নির্মাতার পুত্র অভিনেতা কাজী মারুফ।
দুপুর পৌনে তিনটার সময় তিনি বলেন, ‘মাত্রই বাবাকে নিয়ে বাসায় ফিরলাম। সবার দোয়ায় তার অবস্থা এখন বেশ ভালো। তবে দুর্বলতা বেশ আছে। এ কারণে হাঁটাহাঁটি করতেও সমস্যা হচ্ছে।’
এদিকে, আগামী ২ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী হায়াৎ। তার প্যানেলে মহাসচিব হিসেবে আছেন এস এ হক অলিক। নির্বাচন থেকে সরছেন না তিনি। বাসা থেকেই নির্বাচনি কাজ সারতে চান এই অসুস্থ নির্মাতা।
নির্বাচনের বিষয়ে কাজী মারুফ বলেন, ‘বাবা নির্বাচন করবেন। তবে এফডিসিতে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। সেখানে গেলে তাকে ফেরানো (বাঁচানো) যাবে না। তাই বাসা থেকে ক্যাম্পেইন চালিয়ে যাবেন তিনি।’
উল্লেখ্য, গত ৮ মার্চ কাজী হায়াৎ সস্ত্রীক করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর বাসাতেই ছিলেন তারা। তবে অসুস্থতা বাড়ায় ১৫ মার্চ ধানমন্ডির পপুলার হাসপাতালে তাদের ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতেও নিতে হয়েছিল।




