সব সিনেমা তো আর বেছে বেছে করা হয় না। এমন কিছু সিনেমা আছে, যেগুলো মুক্তি পাওয়ার পর মনে হয় শ্রমটাই জলে গেলো! প্রথম সারির এমন অনেক বলিউড তারকাই আছেন, যারা পরে আফসোস করেছেন তাদের বিশেষ কিছু সিনেমা নিয়ে-
সাইফ আলি খান
সাজিদ খানের ‘হামশাকাল’-এ অভিনয় করা তার জীবনের বড় ভুল বলে মনে করেন সাইফ আলি খান। তার মনে হয়েছে, ছবিটি সবদিক দিয়ে পিছিয়ে পড়া। এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘আমার পরে মনে হয়েছিল আমি এটা কেন করলাম! আমি জানি, ভক্তদের হতাশ করেছি। হামশাকালের মতো ভুল আর কোনোদিনও করবো না।’
শাহিদ কাপুর
শাহিদ কাপুরের ক্ষেত্রে অবশ্য প্রথমেই এ তালিকায় আসবে ‘শানদার’-এর নাম। এই ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছিল আলিয়া ভাটকে। যেসব ছবি করা উচিত হয়নি সেই তালিকায় রেখেছেন ‘ছুপ ছুপ কে’, ‘ওয়াও লাইফ হো তো অ্যায়সি’র মতো ছবিকেও।
ক্যাটরিনা কাইফ
বলিউডে ‘বুম’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন ক্যাটরিনা। সে সময় গুলশান গ্রোভারের সঙ্গে খোলামেলা একটি দৃশ্য দর্শক মহলে সমালোচিত হয়েছিল বেশ। পরে এ ব্যাপারে ক্যাটরিনা জানান, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বিশদভাবে জানতেন না বলেই এই ছবি করতে তিনি রাজি হন। কখনোই আর ওরকম ছবিতে অভিনয় করতে রাজি হবেন না তিনি।
অভয় দেওল
সোনম কাপুরের বিপরীতে ‘আয়েশা’ ছবিতে অভিনয় চরম ভুল সিদ্ধান্ত বলে জানিয়েছেন এই অভিনেতা। তার মতে, ‘আয়েশা ছবিটি শুধু জামাকাপড়ের বিজ্ঞাপন ছাড়া কিছুই নয়। এর মতো কোনও ছবিতে আর নয়। এটা আমার সঙ্গেও যায় না।’
প্রিয়াঙ্কা চোপড়া
‘জানজির’ ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন দক্ষিণের তারকা রামচরণ। এ ছবিটাই ছিল প্রিয়াঙ্কার ‘বড় ভুল’। তবে ভুলটাকে শিক্ষা হিসেবে নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘এমনটা ঘটেই থাকে। মাঝে মধ্যে আমরা এমন কিছু ভুল করে ফেলি।’
অজয় দেবগণ
১৯৮৩ সালের ‘হিম্মতওয়ালা’-এর রিমেকে ছিলেন তিনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। এই ছবিতে কাজ করার পর অজয়ের মনে হলো বিরাট ভুল হয়ে গেছে। এ কারণে ছবিটি তিনি নিজে আজও দেখেননি বলে জানান এক সাক্ষাৎকারে।
অমিতাভ বচ্চন
‘শোলে’র মতো আরেকটা ছবি করতে গিয়েছিলেন রাম গোপাল ভার্মা। নাম ‘আগ’। তাতে ডাক পড়েছিল বিগ বি অমিতাভেরও। গাব্বার সিং নামে একটা চরিত্রও জুড়ে দেওয়া হয় এতে। এর বাইরে আরও অনেক কিছুতেই ইচ্ছাকৃত কপি করার অভিযোগ ওঠে ভার্মার বিরুদ্ধে। এমনকি এসবের জন্য দিল্লি হাইকোর্ট ১০ লাখ রুপি জরিমানাও করে পরিচালক ভার্মাকে। নিজে সর্বোচ্চ চেষ্টা চালালেও এ ছবিটা করা ভুল হয়েছে বলে স্বীকার করেছেন অমিতাভ।
সূত্র: জিকিউ ইন্ডিয়া




