যেখানে বিদেশি সিরিজগুলো চলে বছরের পর বছর কিংবা সিজনের পর সিজন অথবা ডাবিং হয়ে বিশ্বজুড়ে। সেখানে ১৩, ২৬ কিংবা ৫২ পর্বের মধ্যেই ঝরে পড়ে বেশিরভাগ দেশীয় ধারাবাহিক। কারণ একটাই, জনপ্রিয়তার অভাব।
সেই বাজারে হাজার নয়, একটি ধারাবাহিক শততম পর্বের মাইলফলক ছোঁয়াটাই গর্বের খবর! যেমনটা গর্ববোধ করছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। কারণ, ৬ অক্টোবর তার নাটক ‘হাউজ নং ৯৬’ ছুঁয়ে দেবে সেঞ্চুরি।
চলতি বছরের শুরুর দিকে নাটকটি প্রচার শুরু হয় এনটিভিতে। এরমধ্যে ৯৮টি পর্ব প্রচার হয়েছে। ৯৯ ও ১০০তম পর্বটি প্রচার হবে যথাক্রমে ৫ ও ৬ অক্টোবর রাতে, এনটিভিতে।
ধারাবাহিকটির গল্প ও তারকা সম্মিলনের কারণে শুরু থেকেই ভালো সাড়া মিলছিল দর্শকদের কাছ থেকে, দাবি নির্মাতা হিমির। তার ভাষ্যে, ‘একক নাটক খুব সহজে দর্শক গ্রহণ করলেও ধারাবাহিকের ক্ষেত্রে সেটা কঠিনই হয়ে যায়। স্বস্তির বিষয়, আমার ধারাবাহিকটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। শুরু থেকেই কাজটির জন্য অনেক বেশি ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে। এর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করেছি তারকাদের সমন্বয়ে ভালো একটি গল্প বলার। এই চেষ্টা সামনেও অব্যাহত থাকবে।’
এটুকু তো বলাই যায়, নাটকটির গল্প ও নির্মাণ ভালো না হলে শত পর্ব পর্যন্ত সেটি গড়াতো না। জানা যায়, প্রচার চলতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে ‘হাউজ নং ৯৬’ এখন শীর্ষে।
বিভিন্ন সময়ে এতে অভিনয় করেছেন ও করছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শাহরিন, আফ্রি সেলিনা, তানজিন তিশা, মারজুক রাসেল, মনিরা আক্তার মিঠু, আল মামুন, সাফা কবির, এফ এস নাঈম, নীলাঞ্জনা নীলা, শবনম ফারিয়া, তাসনিয়া ফারিন, সাবিলা নূর, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, হিমি, সালহা নাদিয়া, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ, ফজলুর রহমান বাবু, পাভেল, আফরিন শেখ রাইসা, মাশরুর ইনান, সাজ্জাদ হাসান রাজ, তটিনী প্রমুখ।
হিমি জানান, এরমধ্যে শেষ হলো নাটকটির শততম পর্বের শুটিং। এ পর্বে থাকছে বাড়তি যত্ন ও চমক।
তাসদিক শাহরিয়ারের চিত্রনাট্যে ‘হাউজ নং ৯৬’ প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে, এনটিভিতে।




