গত বছরের সাফল্যের পর, এবারও ‘বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স’ ক্যাম্পেইন চালু করেছে রবি। এবার বিজয় দিবস উদযাপনে কয়েকজন কিংবদন্তি এবং বর্তমানের খ্যাতিমান সংগীতশিল্পীদের সাথে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির নতুন সংস্করণ তৈরির সুযোগ পাবেন দেশের সকল সংগীতানুরাগী।
ক্যাম্পেইনের অংশ হিসাবে, রবি’র ফেসবুক পেজে অনুষ্ঠিত একটি সোশ্যাল মিডিয়া পোলিং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত ভোটের সংখ্যার ভিত্তিতে এই সুপরিচিত গানটি নির্বাচন করা হয়। গোবিন্দ হালদার রচিত এবং সমর দাসের সুরে গাওয়া এই দেশাত্মবোধক গানটির নতুন সংস্করণ নির্বাচিত সংগীতানুরাগীদের পাশাপাশি পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশিন, আর্ক ব্যান্ডের হাসান, নেমেসিসের জোহাদ, শিরোনামহীনের তানজির তুহীন, চিরকুটের শারমিন সুলতানা সুমি এবং সাবরিনা পড়শীর মতো শিল্পীরা। এবারও গানটির নতুন সংস্করণ তৈরি করছেন চিরকুট ব্যান্ডের সদস্য পাভেল অরিন।
আরেকটি বিজয় দিবসের গানের নতুন সংস্করণ তৈরির অভিজ্ঞতা সম্পর্কে পাভেল অরিন বলেন, ‘বিজয়ের ৫০ বছর উদযাপনে এই আইকনিক গানটির মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পারায় আমরা অত্যন্ত গর্বিত। গত বছর গান কম্পোজ করার সময়টি খুব উপভোগ করেছি এবং এই বছর আমি এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই।’
গত বছরের মতোই, ক্যাম্পেইনটিতে অংশ নিতে গ্রাহকদের ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের কভার অথবা বাদ্য সংস্করণ তৈরি করতে হবে। এরপর তাদের ভিডিও/অডিওটি রবি ফেসবুক পেজে (https://www.facebook.com/RobiFanz) পাঠাতে হবে। গানটির কভার অথবা বাদ্যসংগীত সংস্করণ জমা দেয়ার শেষ দিন ৩০ নভেম্বর।




