চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২

বন্ধ হলো এফডিসিতে অবাধ যাতায়াত

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২২, ১৯:১২আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৯:৪০

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আর করোনা সংক্রমণের বিষয় বিবেচনা করে বন্ধ করা হলো এফডিসিতে অবাধ যাতায়াত। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনকে ঘিরে গেল এক সপ্তাহ ধরে বিএফডিসিতে চলছে রোজ হাজার মানুষের সমাগম। শিল্পী-সাংবাদিক ছাড়াও এই সমাগমে সামিল হওয়ার অভিযোগ উঠেছে বহিরাগতদেরও। যাদের কেউ কেউ ঘটাচ্ছে অপ্রীতিকর ঘটনাও। মূলত এসব অভিযোগের ভিত্তিতেই শনিবার (২২ জানুয়ারি) বিকালে সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।   

গণমাধ্যমকে বলেন, ‘আজ (শনিবার) থেকেই আমরা এফডিসিতে মানুষের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করেছি। একদিকে করোনার কারণে তথ্য মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা রয়েছে, অন্যদিকে মৌখিকভাবে একটা অভিযোগ পেয়েছি একজন প্রার্থীকে হেনস্তা করার বিষয়ে। খোঁজ নিয়েছি, এই কাজটা করেছে একজন বহিরাগত। এসব কারণে আমরা বহিরাগতদের প্রবেশ বন্ধ করেছি কঠিনভাবে। সেইসাথে নিবন্ধিত টিভি চ্যানেল, বাছাইকৃত পত্রিকা ও সরকার কর্তৃক স্বীকৃত ১৪টি অনলাইনের সংবাদকর্মী ছাড়া আর কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।’

কমিশনার আরও জানান, নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এফডিসিতে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে কোনও প্যানেল পরিচিতি বা সম্মেলন করতে পারবেন না প্রার্থীরা। পাশাপাশি নির্বাচনের দিন কোনও প্যান্ডেল বা চেয়ারের ব্যবস্থা থাকছে না। শিল্পীরা ভোট দিয়েই ত্যাগ করতে হবে এফডিসি।

এদিকে নির্বাচনকে ঘিরে নেতিবাচক ও আক্রমণাত্মক প্রচারণার ব্যাপারে পীরজাদা হারুন বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের একটি গান নিয়ে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের আপত্তি পেয়েছি। তারা জানিয়েছে গানটিতে কিছু আপত্তিকর কথা আছে। সেটা আমরা কাঞ্চন-নিপুণ প্যানেলকে অবহিত করেছি।’

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে নির্বাচন স্থগিত হতে পারের কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। সুরক্ষার বিষয়টি নিশ্চিত করছি। এখন পর্যন্ত নির্বাচন স্থগিত করার ব্যাপারে কোনও নির্দেশনা আমাদের কাছে আসেনি। যদি আসে তাহলে অবশ্যই সরকারের নির্দেশ মেনে নেব আমরা।’

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের সঙ্গে উপস্থিত ছিলেন দুই সদস্য বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী। নির্বাচন হবে আগামী ২৮ জানুয়ারি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প