বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়েছে গত ২৮ জানুয়ারি। যার ফল এসেছে পরদিন ২৯ জানুয়ারি। সে সময় সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হন জায়েদ খান। প্রায় ১০ দিন হতে চললেও বিষয়টি নিয়ে খুব একটা সাড়া দেননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।
তবে আপিল বোর্ডের হস্তক্ষেপে নতুন সাধারণ সম্পাদক নিপুণ হওয়ার পর এবার কথা বললেন নাম্বার ওয়ান নায়ক। একেবারে ছবিসমেত অভিনন্দন জানালেন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণকে।
নিউ ইয়র্ক থেকে ফেসবুকে এ চিত্রনায়ক লিখেছেন, “অভিনন্দন, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের। আশা করি, নতুন সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।”
এদিকে গতকাল (৬ ফেব্রুয়ারি) বিকালে হয়েছে নবনির্বাচিতদের শপথ। ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান গত মেয়াদের সভাপতি মিশা সওদাগর; পরে নিপুণসহ বাকিদের শপথবাক্য পাঠ করান কাঞ্চন।
এরপর শিল্পী সমিতি কার্যালয়ে কাঞ্চন ও নিপুণকে ফুল দিয়ে অভিনন্দন জানান মিশা।
মিশা বলেন, ‘আমি বরাবরই বলি, এটা মালাবদলের পালা। তাই পেছনের দিকে আমরা না তাকাই। আশা করি, আগামীতে সুন্দর শিল্পী সমিতি গড়ে উঠবে। আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ইলিয়াস কাঞ্চন দায়িত্ব নিয়েছেন। আমি তাকে অনুরোধ করবো, সবাইকে নিয়ে এমন কাজ করবেন যেন কোনও ব্যারিয়ার না থাকে। তিনি আলোকিত মানুষ, তার আলোয় উদ্ভাসিত হোক সবকিছু।’
ইলিয়াস কাঞ্চন-নিপুণ ছাড়াও সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন ও কার্যকরী পরিষদের সদস্য অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন, নাদের খান শপথ নিয়েছেন।
অন্যদিকে প্রায় সমান সংখ্যক বিজয়ী শপথ নেননি। তারা মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের। এদের মধ্যে আছেন ডিপজল, রুবেল, মৌসুমী, রোজিনা, অরুণা বিশ্বাসসহ ১০ জন।








