আরটিভির আয়োজনে লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’। গত বছর যা ভালোই জনপ্রিয়তা পেয়েছে। কারণ, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে যোগ্যরা।
দেশে এই রিয়েলিটি শোয়ের সাফল্যের পর দর্শকদের চাহিদা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের আগ্রহে আরটিভি এবার যুক্তরাষ্ট্রে আয়োজন করছে উৎসব গ্রুপ প্রেজেন্টস ‘আরটিভি বাংলার গায়েন ইউএসএ।’
এ নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো একটি সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন উৎসব গ্রুপের রায়হান জামান, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক রথীন্দ্রনাথ রায়, আরটিভি বাংলার গায়েন- ইউএসএ’র উপস্থাপিকা সামিনা সিরাজ সোনিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা অলিভ আহমেদসহ অনেকেই।
আয়োজকরা জানান, পুরো ফেব্রুয়ারি মাসেই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। আর রেজিস্ট্রেশনে প্রক্রিয়াটি খুবই সহজ। ঘরে বসেই খালি গলায় যে কোনও একটি লোকগান মোবাইলে ভিডিও করে অনলাইনে পাঠাতে হবে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে নিউইয়র্কের একটি স্টুডিওতে অডিশন রাউন্ড শুরু হবে।
স্টুডিও অডিশন রাউন্ডটি মার্চ-এর মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। তারপর কয়েকটি ধাপে নিউইয়র্কেই আরটিভি বাংলার গায়েন-ইউএসএ’র শুটিং হবে। এখান থেকে উঠে আসা সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে আগামী জুনে ঢাকায় আরটিভির স্টুডিওতে শুরু হবে চূড়ান্ত রাউন্ড। জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।




