বিশ্ব ভালোবাসা দিবসের প্রকাশ পাচ্ছে দুই বাংলার প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্যর নতুন গান-ভিডিও। এর নাম ‘আমি সুনীল বলছি’।
লেখক-গীতিকবি স্যামুয়েল হকের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসির তুষার। মিউজিক প্রোগ্রামিং ও মিক্স মাস্টারে সালমান জেইম।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের সন্ধ্যা ৭টায় দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে এটি প্রকাশ পাচ্ছে।
গানটির গল্পনির্ভর ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের জমিদার বাড়ি এবং এর আশপাশের নয়নাভিরাম স্থানে। এতে অভিনয় করেছেন ‘গহীন বালুচর’-খ্যাত নায়ক আবু হুরায়রা তানভীর ও শারমিন আঁখি। আছে শ্রীকান্ত আচার্যের উপস্থিতিও। ভিডিও নির্মাণ করেছেন শিহাব শিকদার।
‘আমি সুনীল বলছি’ প্রসঙ্গে কলকাতা থেকে শ্রীকান্ত আচার্য বার্তা পাঠান, ‘এটি একটি ঐতিহাসিক প্রেমের গান। যে গানের নায়ক নন্দিত কবি, ঔপন্যাসিক ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। কবি এই গানে তার নায়িকা মনীষার বর্ণনা করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানের পাশাপাশি পরিস্থিতির কথা তুলে ধরেছেন। গানটি শুনলেই শ্রোতারা তা বুঝতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘এ গানের বিশেষত্ব হচ্ছে, এ ধরনের গীতিকবিতা নিয়ে কাজ করার লেখক খুব বেশি নেই। তাই, এ গানের গীতিকবি স্যামুয়েল হককে শ্রদ্ধা জানাতেই হয়। সত্যিই, গানের গল্পটা বেশ মুগ্ধ করেছে আমায়। গানের কথার পাশাপাশি মুনতাসির সুরও করেছেন অসাধারণ।’
এই গান প্রসঙ্গে মুনতাসির তুষার বলেন, ‘লিরিকটি আমারও বেশ পছন্দের। এটি হাতে পাওয়া মাত্রই বুঝতে পেরেছিলাম শ্রীকান্তদা পছন্দ করবেন। এরপর আমিও চেষ্টা করেছি, দাদাকে ভেবে সুর করার। প্রত্যাশা অনুরূপ আমার সুরেও সবুজ সংকেত দিলেন। আর উনাকে পছন্দ করাতে পারাটা আমার জন্য অনেক বেশি আনন্দের, গর্বের।’
হ্যাঁ, বিষয়ভিত্তিক এই গানের গল্পটা জানতে হলে শুনতে হবে গানটি। আর গানটি শোনার জন্য অপেক্ষা করতে হবে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত।
গত বছরের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের সিএল লেনের স্টুডিও ভাইব্রেশন-এ গানটিতে কণ্ঠ দেন শ্রীকান্ত আচার্য।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৩ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়।




