একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ঘিরে বিশেষ নাটক প্রচার করবে নাগরিক টিভি। নাম- খোকা ফিরবে। এটি রচনা করেছেন নবীন হোসেন, পরিচালনা করেছেন ইফতেখার রুমন।
নাটকের কাহিনিতে দেখা যাবে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে জহির। মা ও খালাতো বোন রুপাকে নিয়ে তার পরিবার। গ্রামের সামান্য জমিজমা দিয়েই সংসার চলে। জহিরের খালা মারা যাবার পর থেকে রুপা এ বাড়িতে থাকে। তার সঙ্গে জহিরের বিয়ে ঠিক হয়ে আছে। অন্যদিকে খুশি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে। খুশিও জহিরকে পছন্দ করে। কিন্তু জহিরের সব স্বপ্ন রুপাকে নিয়ে। বিয়ে ও ভবিষ্যৎ সংসারের খরচার কথা ভেবে জহির ১৯৫২ সালে পাড়ি জমায় ঢাকায়। মাঝে মধ্যে জহিরের চিঠি আসে। রুপার মন ভরে যায়। জহিরেরও গ্রামে আসার সময় ঘনিয়ে আসে। মা পথ চেয়ে বসে থাকে প্রতিদিন। কিন্তু শেষটা কি আসলেই সুখের? বাকিটা জানা যাবে নাটকে।
পরিচালক ইফতেখার রুমন জানান, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক যুবকের গল্প এতে উঠে আসবে। যা ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, রওনক হাসান, মৌসুমী মৌ, ঐশি, রুপক মুসলি, আরমান হোসেন প্রমুখ। এটি নাগরিক টিভিতে প্রচার হবে আজ (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায়।




