ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রবর্তিত ‘হীরালাল সেন পদক-২০২২’ পেয়েছেন চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। ‘নোনা জলের কাব্য’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার পেলেন।
আজ (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘আমার ভাষার চলচ্চিত্র-১৪২৮’ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ তার হাতে এ পুরস্কার তুলে দেন। উৎসবের ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
এসময় আরও তিন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এগুলোর মধ্যে- শ্রেষ্ঠ চিত্রগ্রাহণে ‘চন্দ্রাবতী কথা’, শ্রেষ্ঠ কাহিনি ‘লাল মোরগের ঝুঁটি’, শ্রেষ্ঠ সম্পাদনার পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।
চলচ্চিত্রগুলো ‘হীরালাল সেন পদক’র জন্যও মনোনীত ছিলো। পরে সেখান থেকে জুরিবোর্ড চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
এসময় নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘তথ্য প্রযুক্তির প্রসারের ফলে সিনেমা হলে বসে সবার সাথে হাততালি দিয়ে সমস্বরে সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এটি চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। চলচ্চিত্রের পরে নতুন মাধ্যম আসেনি। এটিই সর্বশেষ আধুনিক মাধ্যম। আমরা যে নিউ মিডিয়া বলি সেখানেও মূল উপাদান হচ্ছে চলচ্চিত্র। আমাদের সাংস্কৃতিক অধঃপতন হয়েছে। আর শিল্পীদের কাজ সেগুলো ধরে রাখা। শিল্পীদের কাজই হচ্ছে সাংস্কৃতিক লড়াইটা চালিয়ে যাওয়া।’
ফেডারেশন অব বাংলাদেশ ফিল্ম সোসাইটির সভাপতি লাইলুন নাহার শেমী বলেন, ‘আমি অনেকদিন চলচ্চিত্র আন্দোলনের সাথে জড়িত আছি। তার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছি। আগে জানতাম, টিএসসিতে শুধু নাচ-গান হয়। এখন চলচ্চিত্র প্রদর্শনীও হয়। চলচ্চিত্রের রঙিন পোস্টার প্রদর্শন করা হয়। সবাই সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। দেখেই অনেক ভালো লাগছে।’
হীরালাল সেন পদক পাওয়ার পর রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘‘আমাদের পাঁচ-ছয় বছরের সংগ্রামকে পুরস্কৃত করার জন্য জুরিবোর্ডকে ধন্যবাদ। আমি আশা করবো, ‘নোনা জলের কাব্য’র মতো বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবন নিয়ে আরও অনেক চলচ্চিত্র বাংলাদেশে তৈরি হবে। এই সিনেমায় আমাদের টিমের পাশাপাশি গঙ্গাবতী চরের জেলেদেরও শ্রম ঘাম রয়েছে। তাদেরকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি।’’
এর আগে চলচ্চিত্র সংসদের সভাপতি আল শাহারিয়ার জিদনী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের অতিথি নাসির উদ্দিন ইউসুফ, লাইলুন নাহার শেমী ও চলচ্চিত্র সংসদের সাবেক সভাপতি-আজীবন সদস্য রোদেলা নিরুপমা ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক হুমায়রা বিলকিস, অভিনেত্রী দিলরুবা দোয়েলসহ কলাকুশলীরা।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে উৎসবটির ১৯তম আসরের পর্দা উঠেছিল। যার সমাপণ হলো আজ।




