সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। জাতীয় এই দিবসে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি)-তেও চলছে বিভিন্ন আয়োজন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ মার্চ) দুপুরে সেখানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
বাচসাস সভাপতি ফালগুনী হামিদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান করা বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সৈকত সালাহউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিমন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর সামিসহ অন্য সদস্যরা।
শ্রদ্ধা জানানো শেষে সভাপতি ফালগুনী হামিদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ২৬ মার্চ থেকেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। দীর্ঘ ৯ মাস ধরে চলা যুদ্ধে ৩০ লাখ বীর বাঙালি প্রাণ হারিয়েছেন। মা বোনের সম্ভ্রম গেছে। তাদের আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি সবসময়ই স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। প্রজন্মের পর প্রজন্ম স্বাধীনতার চেতনাকে বুকে লালন করে দেশের চলচ্চিত্রের বিকাশে ভূমিকা রাখছে বাচসাস। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’




