সানি লিওনি আর ঐশীর আইটেম নাম্বার ‘দুষ্টু পোলাপাইন’ প্রকাশের পর দেশে এই ধারার গান তৈরির ঝোঁক বেড়েছে। অনেকটা একই আদলে এবার হাজির হচ্ছেন মুক্তি প্রতীক্ষিত ‘মাসুদ রানা’র নায়ক রাসেল রানা ও নবাগত নায়িকা সোনিয়া খান।
রোহান বেলালের কোরিওগ্রাফিতে শতাধিক সহশিল্পী নিয়ে ‘পানি পানি’ নামের এই ড্যান্স আইটেম শুট করা হলো। ভিডিওটি নির্মাণ করলেন ‘দেশা- দ্য লিডার’ নির্মাতা সৈকত নাসির এবং তার ভিজ্যুয়ালাইজার ওয়ার্কশপ টিম।
নির্মাতা জানান, ‘পানি পানি’ গানটি গেয়েছেন কর্নিয়া। চৌধুরী এস হাসানের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। দুই ধাপে কক্সবাজারে গানটির দৃশ্যধারণ হওয়ার পর ৬ এপ্রিল এফডিসিতে হয় এটির শেষ ধাপের কাজ।
সৈকত নাসির বলেন, ‘মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে।’
গানটি নোনা এন্টারটেইনমেন্ট চ্যানেলে উন্মুক্ত হচ্ছে এই ঈদে।



