ঈদ মানেই স্মরণীয় দিন। তবে ক্ষণটি বিশেষ হয়ে থাকে কোনও না কোনও স্মৃতিতে। মনে দাগ কেটে যাওয়া সেই গল্প শুনতে বিশেষ এ আয়োজন। স্মৃতির আস্তিন খুলে তা বলেন কণ্ঠশিল্পী-ভ্লগার রাজিব-
সুপ্রশস্ত জলরাশির পাশে মুসল্লিরা বসে আছেন। পুরো মাঠে একটাই গাছ। যার নিচে বসেছেন ইমাম সাহেব। চারদিকে মানুষ আর মানুষ- এই দৃশ্যটা এখনও চোখে ভাসে আমার। সেদিন রোদে বেশ গরম লাগছিল। তবে আমার কাছে ভীষণ আনন্দের সেই স্মৃতিটা।
সেদিনের আরও একটি দৃশ্য খুব মনে পড়ে। আমার বয়স তখন ৬ সম্ভবত। বাবার সঙ্গে প্রথম ঈদের নামাজে যাচ্ছি। বাবার একহাতে জায়নামাজ, আরেক হাতে আমার আঙুল ধরা।
প্রথম ঈদ বলেই কিনা, সেই স্মৃতি আজও মনে দাগ কেটে রেখেছে। এরপর বহুবার বাবার সঙ্গে গিয়েছি, তবে প্রথম যাত্রাটাই চোখে জ্বলজ্বল করে।
প্রথমবারের কারণেই কিনা, ঈদগাহ মাঠের অনেক মানুষের ভিড়ও ধাক্কা লেগেছিল মনে। অনেকে দেখলাম বিলের পানিতে ওজু করছেন। আমিও তাদের সঙ্গে সেদিন ওজু করেছিলাম। এরপর বাবার সঙ্গে জায়নামাজ বিছিয়ে নামাজে বসি। ইমাম সাহেবের বসার স্থানে শুধু একটা গাছ। আর আমরা সেই গাছের সামনে বসে আছি প্রার্থনার জন্য। বিষয়টি যে কারও ভালো লাগবে। আমারও তাই।




