চলচ্চিত্র নিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন আয়োজনের মধ্যে কান উৎসব অন্যতম। এর এবারের আসরে বিভিন্ন দেশের খ্যাতিমান পরিচালক ও অভিনেত্রীদের সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। উৎসব শুরুর একসপ্তাহ আগেই মঙ্গলবার (১০ মে) সকালে ভারতের মুম্বাই থেকে দক্ষিণ ফ্রান্সের উদ্দেশে রওনা দেন তিনি।
বিমানবন্দরে কাঁধে কালো ব্যাগ ও পায়ে কালো বুটে দেখা গেছে দীপিকাকে। বিমানে আরামদায়ক ভ্রমণের জন্য চুল ঝুটি বেঁধে হালকা সাজ নিয়ে তিনি পরেছেন হলুদ-বাদামি রঙা ঢিলেঢালা পোশাক।
মর্যাদাসম্পন্ন কানে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, তাই বিমানবন্দরের সামনে দীপিকাকে ক্যামেরাবন্দি করতে পাপারাজ্জিদের ভিড় জমে যায়। তিনিও হাত নেড়ে তাদের সাড়া দিয়েছেন।
২০১৭ সালে প্রথমবার কান উৎসবের লালগালিচায় দ্যুতি ছড়ান দীপিকা। এর পরের দুই আসরেও বিশ্বখ্যাত ব্র্যান্ড লরিয়াল প্যারিসের দূতিয়ালি করেছেন তিনি। তবে এবারই প্রথম বিচারক হিসেবে ফরাসি উপকূলে পা রাখলেন ৩৬ বছর বয়সী এই তারকা।
মূল প্রতিযোগিতা শাখার বিচারক হওয়ায় ১২ দিনের কান উৎসবে ১০ দিনই লালগালিচায় দেখা যাবে দীপিকার জৌলুস। ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস লুই ভুটনের পোশাক গায়ে জড়িয়ে রূপের আলো ছড়াবেন তিনি।
দীপিকাসহ মোট নয়জন কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২১টি ছবি দেখে স্বর্ণপাম জয়ী নির্বাচন করবেন। গত ২৬ এপ্রিল আয়োজকরা এই ঘোষণা দেয়।
দীপিকাসহ মোট নয়জন কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২১টি ছবি দেখে স্বর্ণপাম জয়ী নির্বাচন করবেন। গত ২৬ এপ্রিল আয়োজকরা এই ঘোষণা দেয়।
বিচারকদের প্রধান ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ আগামী ২৮ মে সমাপনী অনুষ্ঠানে স্বর্ণপাম জয়ীর নাম ঘোষণা করবেন। অন্য বিচারকদের মধ্যে অভিনেত্রী হলেন- যুক্তরাজ্যের রেবেকা হল, সুইডেনের নুমি রাপাস এবং ইতালির জাজমিন ত্রিঙ্কা। পরিচালকদের মধ্যে বিচারকের আসনে বসবেন ইরানের আসগর ফারহাদি, নরওয়ের ইওয়াকিম ত্রিয়ের, যুক্তরাষ্ট্রের জেফ নিকোলস এবং ফ্রান্সের লাজ লি।




