‘দিন-তারিখ গুনে বলতে পারবো না। তবে ৭ বছরেরও বেশি সময় পরে মাইক্রোফোনের সামনে গান রেকর্ডের জন্য দাঁড়ালাম। ফিরে এসে কী যে ভালো লাগছে!’
চোখে-মুখে একরাশ আনন্দ নিয়ে কথাগুলো বললেন শূন্য দশকের তুমুল জনপ্রিয় পপ তারকা কানিজ সুবর্ণা। যিনি সংসার জীবনে সময় দিতে গিয়ে প্রায় একযুগের মতো আড়ালে রয়েছেন সংগীত থেকে। মাঝে টুকটাক গান করলেও ধারাবাহিকতার অভাবে বাজেনি আগের মতো।
তবে এবার এই পপ তারকা ফিরছেন একেবারে নতুন আবহে। ৭ বছর পর গত ৪ জুন দাঁড়ালেন তানভীর তারেকের কোলাহল স্টুডিওতে। গাইলেন নতুন গান। তানভীর তারেকের কথা, সুর ও সংগীতে তৈরি গানটির নাম ‘মায়া’।
কানিজ বলেন, ‘‘আমার এবারের ফিরে আসাটার পেছনে সম্পূর্ণ ক্রেডিট তানভীর ভাইয়ের। আসলে এর ভেতরে অনেকেই বলেছেন, ‘কানিজ তোমার জন্য গান করছি। নতুন প্রজেক্ট করছি।’ কিন্তু কারও গানই আর হয়ে ওঠেনি। অবশেষে শুরু হলো দারুণ একটা গান দিয়ে। এখন নিয়মিত গান করতে চাই।’’
রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই কানিজের ইন্ডাস্ট্রিতে আগমন। এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বাণিজ্যিক ধারায় যাত্রা হয় এই শিল্পীর। এরপর একে একে দারুণ সব অ্যালবামে উপহার দিয়েছেন। ২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়ে করার পর সংসারেই থিতু হন। রয়েছে তাদের সংসারে দুই সন্তান। একজনের বয়স ১১, আরেকজনের ১২ বছর। কথা বলতে পারে না। ইন্টেলেকচুয়ালি ডিজঅ্যাবল। মূলত এ কারণেই একযুগ ধরে গান থেকে অনিয়মিত এই পপ আইকন।
গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘‘সপ্তাহ দুয়েক আগে কানিজকে আমার ‘রাতাড্ডা’ শোতে আমন্ত্রণ জানাই। আড্ডার ফাঁকেই আমি বলি, আপনার জন্য গান করবো। কানিজ তখন অভিমানের সুরে বলেন, ‘আপনারা শুধু বলবেনই। আর করবেন না। অনেকেই বলে এমন।’ কানিজ সম্প্রতি একটি সিনেমায় অভিনয় করেছেন। আমি বললাম, ‘আপনার জায়গা অভিনয় না, সংগীত।’ এরপর ধ্রুব মিউজিক স্টেশনে কথা বলে কাজ শুরু করি। গানের কথাগুলো কানিজের ফেরার গল্প দিয়েই সাজানোর চেষ্টা করেছি। গানটির অন্তরায় লিখেছি, ‘ডানা ভেঙে দিলে পাখিটার, উড়তে ভুলে যায়- আহা...তবু মায়াজালে বেঁধে রাখে এই মন আমার।’ গানটি করার ক্ষেত্রে হামিন ভাইও (হামিন আহমেদ) খুবই সাপোর্ট দিয়েছেন। বলেছেন, ‘ও আবার ছন্দে ফিরুক, এটা আমি চাই।’ একেবারে কানিজের নিজের জীবনের অনুভূতি নিয়েই লেখা এই কামব্যাক সংটি। আশা করছি তার অগণিত ভক্তরা দারুণ উপভোগ করবেন গানটি।’’
গানটি ডিএমএস-এর ব্যানারে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে শিগগিরই।




