ঈদ উপলক্ষে বিশেষ নাটকে দেখা যাচ্ছে ইউটিউবার-অভিনেতা সালমান মুক্তাদিরকে। সঙ্গে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের একসঙ্গে দেখা যাচ্ছে ‘আমি প্রেমিক হতে চাই’ নাটকে।
মিষ্টি প্রেমের গল্পে এটি রচনা করেছেন লিমন আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এটি প্রচার হচ্ছে রবি বিঞ্জ অ্যাপে।
নাটকটিতে সালমান ও হিমি ছাড়াও অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, জাকি আহমেদ জারিফ, আলভী প্রীতি, রাসেল আহমেদ, ডিকন প্রমুখ।
সালমান মুক্তাদির বলেন, ‘নিজের অন্য ব্যস্ততার কারণে মাঝে অনেক দিন অভিনয় করা হয়নি। এখন কিছু কাজ করছি। দেখা যাক কতটুকু করতে পারি। একদম নিয়মিত হবো কিনা জানি না, তবে কাজ করবো। খুব মজার একটি গল্পের নাটক। ঈদের আনন্দে এটি দর্শকের মনে বাড়তি খুশি যোগ করবে বলে আমার বিশ্বাস।’
জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘সালমানের সঙ্গে আগেও কাজ করেছি। অনেক দিন পর আবারও কাজ করে ভালো লাগছে। খুব মজা করে কাজটি করেছি আমরা। মজার কিছু দৃশ্য আছে, সংলাপ আছে। দর্শক বিনোদিত হবেন বলেই আশা করছি।’
উল্লেখ্য, ৪ বছর আগে সর্বশেষ ২০১৮ সালে একসঙ্গে কাজ করেছিলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি।




