২৫ বছর আগের ঠিক এই দিনে (১৫ জুলাই ১৯৯৭) পথচলা শুরু করে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগান নিয়ে এদিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে।
শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বরাবরই প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতে এটিএন বাংলা বদ্ধপরিকর। ২৫ বছরের পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার-খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।
রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে চ্যানেলটির পর্দায়। দুপুর ৩টায় বর্ষপূর্তি উপলক্ষে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি এটিএন বাংলার নিজস্ব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘হট সিট’। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এছাড়াও রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীদের শুভেচ্ছা প্রচার করা হবে।
এমনটাই জানায় এটিএন কর্তৃপক্ষ।




