২২ জুলাই আসছে মল্লিকা শেরাওয়াতের নতুন ছবি ‘আরকে/আরকি’। আর তা অনেকদিন পরই। বলিউড ছেড়ে একদিন হঠাৎই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন মল্লিকা।
পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়। কিন্তু কেন? সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই তারকা।
‘মার্ডার’ অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানালেন, তিনি বরাবরই অন্যর বিষয় নিয়ে ভাবেন না। ঠিক যেমন নিজের ঘর ছেড়ে বলিউডে আসার সময় তার মনোভাব ছিল, তেমনই বলিউড ছেড়ে আমেরিকায় যাওয়ার সময়তেও।
তার ভাষ্য, ‘আমার মনে হয়েছিল আমি বিশ্ব জয় করতে পারি। হরিয়ানার জাঠ পরিবার থেকে বলিউডে আসাই ছিল বিপ্লব। আমি আমার ব্যাগ গুছিয়েছিলাম আর এখানে চলে এসেছিলাম। ভাগ্য ভালো, এটা আমার জন্য কাজ করে গিয়েছিল। আমেরিকায় যাওয়ার সময়তেও আমার মনোভাব এমনটাই ছিল।’
নিজের সিদ্ধান্তগুলো বরাবরই সঠিক ফলেছে বলে মনে করেন তিনি। আর এ কারণেই আমেরিকা যাওয়ার পর সেসময়ে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার সাক্ষাতের সুযোগ হয়েছে দু’বার। কাজ করেছেন ব্রুনো মাসের সঙ্গে মিউজিক ভিডিওতে, অভিনয় করেছেন ইনডিপেনডেন্ট সিনেমা ‘দ্য পলিটিক্স অব লাভ’-এ।
মল্লিকার মতে, ‘ভারতে কাজ করে নাম অর্জন করেছি, টাকা কামিয়েছি। আর আমেরিকা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে।’
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মল্লিকাকে শেষ দেখা গিয়েছিল একতা কাপুরের হরর কমেডি ওয়েব সিরিজ ‘বু! সবকি ফটেগি’-তে ২০১৯ সালে। আর সম্প্রতি নতুন ছবি ‘আরকে/আরকি’র ট্রেলার এসেছে। সিনেমাটি পরিচালনা করেছেন রজত কাপুর।
সূত্র: হিন্দুস্তান টাইমস





