হলিউডের সেরা অভিনেতাদের একজন লিওনার্দো দ্য ক্যাপ্রিও। ‘টাইটানিক’খ্যাত এ অভিনেতার সাফল্যের ঝুলিতে নানা পুরস্কার থাকলেও এখনও মেলেনি চলচ্চিত্র জগতের সেরা স্বীকৃতি অস্কার পুরস্কার।
বেশ কয়েকবার মনোনয়ন পাওয়ার পরও বাদ পড়ে যান চৌকস এ অভিনেতা। একবার মজার এক ভিডিও প্রকাশ হয়েছিল অস্কার ও লিওনার্দোকে নিয়ে। আর বার বার অস্কার থেকে প্রিয় অভিনেতার নাম বাদ পড়ায় হতাশায় পড়েন ভক্তরাও।
এবার তাই যে করেই হোক লিওনার্দো দ্য ক্যাপ্রিওর হাতে অস্কার ট্রফি তুলে দিতে কোমর বেঁধে নেমেছেন এক দল রুশ ভক্ত। পুরোদস্তুর অস্কার ট্রফিই বানিয়ে ফেলছেন তারা। ভাবছেন কীভাবে?
রুশ বার্তা সংস্থা তাস জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়ার এক দল ভক্ত স্বর্ণ আর রূপা জড়ো করছেন। সেগুলো গলিয়ে তৈরি করা হবে অস্কার মূর্তি। আর পরে তা তুলে দেওয়া হবে লিওনার্দো দ্য ক্যাপ্রিওর হাতে।
তাস জানায়, লিওনার্দোর হাতে নিজেদের তৈরি করা অস্কার ট্রফি তুলে দেওয়ার জন্য ‘অস্কার ফর লিও’ মুভমেন্টটি শুরু হয় তাতিয়ানা ইয়েগোরোভা নামের এক নারীর আহ্বানে। তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইয়াকুটিয়ার লোকজন উচ্চ মানসম্পন্ন চলচ্চিত্র পছন্দ করেন এবং লিওনার্দোকে দর্শকদের প্রেরণাদানকারী বলে মনে করেন।’
দেখতে মূল অস্কার ট্রফি থেকে ইয়াকুটিয়ার সংস্করণটি খানিকটা আলাদা হবে। ইয়াকুটিয়ার ট্রফিতে মূর্তিটির মাথা আকাশের দিকে তাকানো অবস্থায় থাকবে। এর কারণ বলতে গিয়ে ইয়েগোভোরা বলেন, ‘যখন কোনও ব্যক্তি আকাশ ও তারকার দিকে তাকান তখনই তিনি বুঝতে পারেন তার সত্যিকারের উদ্দেশ্য। নিজেকে প্রকৃতির অংশ বলে মনে হয় তার।’
ইয়েগোভোরা জানান, এ পর্যন্ত ১’শ জন ভক্ত ট্রফির জন্য স্বর্ণ ও রূপা দান করেছে। মূর্তিটি ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তবে নিজেদের তৈরি করা ‘অস্কার ট্রফি’ কীভাবে লিওনার্দোর কাছে পাঠাবেন তা এখনও ঠিক করেননি ওই ভক্ত দল। তাদের আশা, কোনও না কোনওভাবে পথ মিলে যাবে।
এদিকে গোল্ডেন গ্লোবের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও তার নতুন ছবি ‘দ্য রেভেন্যান্ট’। এছাড়া অস্কারে সেরা অভিনেতাসহ ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। ছবিতে তার অভিনয় শৈলীতে মুগ্ধ হয়ে অনেকে বলছেন, এবারের অস্কারে তার ভাগ্যে শিকে ছিঁড়বে ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/এম/



