সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে একসঙ্গে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটির উদ্যোগ নিয়েছেন সুহৃদ জাহাঙ্গীর।
নির্মাতা জানান, সবগুলো শুটিং শেষ। এখন চলছে সম্পাদনার কাজ। অনুপ্রেরণামূলক এই ছোট সিনেমাগুলো পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ছবিগুলোর নাম এমন- ‘প্রতিদান’, ‘নিমক হারাম’, ‘দাবা’, ‘ভীরু প্রেমিক’, ‘অনুশোচনা’ ও ‘ভুলের মাশুল’।
এগুলোতে অভিনয় করেছেন তারেক মাহমুদ, রোকসানা পপি, সুহৃদ জাহাঙ্গীর, মার্শাল ওয়েছ, ফরহাদ রিজভী প্রমুখ।
নির্মাতা জানান, তিন থেকে ছয় মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাগুলো শিগগিরই উন্মুক্ত হবে সামাজিক টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
সুহৃদ জাহাঙ্গীর বলেন, ‘সবগুলো স্বল্পদৈর্ঘ্যের কাহিনি সাজিয়েছি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনা ও গল্পের রেশ ধরে। যেগুলো দেখে দর্শক যেমন আনন্দ পাবেন তেমনি শিক্ষণীয় উপাদানও খুঁজে পাবেন।’




