এমি অ্যাওয়ার্ডসে ‘স্কুইড গেম’ তারকার ইতিহাস

বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৪:০২

প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৪তম আসরে সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) হয়ে ইতিহাস গড়লেন দক্ষিণ কোরিয়ান সুপারস্টার লি জং-জে। ‘স্কুইড গেম’ সিরিজে অনবদ্য নৈপুণ্যের সুবাদে তার হাতে উঠলো এই স্বীকৃতি। এবারই প্রথম এশিয়ার কোনও অভিনেতা পুরস্কারটি জিতলেন।

পুরস্কার হাতে নিয়ে মঞ্চে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘টেলিভিশন অ্যাকাডেমি, নেটফ্লিক্স ও পরিচালক হোয়াং ডং হিউককে ধন্যবাদ। বাস্তবে আমরা যেসব সমস্যার মুখোমুখি হই সেগুলো দুর্দান্ত চিত্রনাট্যের মাধ্যমে সৃজনশীলভাবে পর্দায় তুলে ধরা হয়েছে। ধন্যবাদ জানাতে চাই স্কুইড গেম টিমকে। কোরিয়ায় এটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।’

টেলিভিশনের ‘অস্কার’তুল্য এমি অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক (ড্রামা সিরিজ) হয়েছেন হোয়াং ডং হিউক। তিনি একইসঙ্গে ‘স্কুইড গেম’-এর পরিচালক, গল্পকার ও নির্বাহী প্রযোজক।

গত জুনে নেটফ্লিক্স ঘোষণা দেয়, দক্ষিণ কোরিয়ার উত্তেজনাপূর্ণ সিরিজটির দ্বিতীয় মৌসুম  নির্মাণ হচ্ছে। তখন হোয়াং ডং হিউক এক বিবৃতিতে নিশ্চিত করেন, সিক্যুয়েলে সাং জি-হান চরিত্রে লি জং-জে এবং দ্য ফ্রন্ট ম্যানের ভূমিকায় ফিরছেন লি বাইউং হান। গেমসের সেলসম্যান হিসেবে গং ইয়ু’র ফেরার আভাস দিয়েছেন তিনি। এছাড়া থাকছে আগের মৌসুমের মতো আরেকটি ভয়ানক পুতুল।

হোয়াং ডং হিউক বলেন, ‘‘১২ বছর সময় নিয়ে ‘স্কুইড গেম’-এর উত্তেজনাপূর্ণ প্রথম মৌসুম বানিয়েছিলাম। কিন্তু এটি নেটফ্লিক্সের সর্বকালের সেরা সিরিজ হয়ে যেতে ১২ দিন লেগেছে। বিশ্বজুড়ে দর্শকদের ভালোবাসায় আমি আপ্লুত। আমাদের সিরিজটি দেখার জন্য ও পছন্দ করায় সবাইকে ধন্যবাদ। এবার জি-হান ফিরছে, দ্য ফ্রন্ট ম্যান ফিরছে, দ্বিতীয় মৌসুম আসছে। নতুন মৌসুমের জন্য আমাদের সঙ্গে আরেকবার যোগ দিন।’’

প্রথম মৌসুমের শেষ দৃশ্যে সাং জি-হান চরিত্রে লি জং-জে’র ফেরার আভাস ছিল। অভিনেত্রী হো-ইয়ান জংয়ের ফেরার আভাসও দিয়েছেন ‘স্কুইড গেম’ স্রষ্টা। উত্তর কোরিয়ান শরণার্থী কাং সে-বিয়কের জমজ বোনের ভূমিকায় এবার দেখা যেতে পারে তাকে।

শৈশবের নিতান্তই ছেলেমানুষি কিছু খেলা নিয়ে সাজানো হয়েছে ‘স্কুইড গেম’। দড়ি টানাটানি, সাইজমতো ক্যান্ডি কাটা, থেমে থেমে দৌড়ানো প্রভৃতি। খেলায় যে হারবে তাকেই মরতে হবে। শেষ পর্যন্ত যে জিতবে সে পাবে নগদ ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন। তাই একপর্যায়ে প্রতিযোগীরা একে অপরকে মেরে ফেলার প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়।

২০২১ সালের অক্টোবরে নেটফ্লিক্স নিশ্চিত করে, ‘স্কুইড গেম’ মুক্তির প্রথম মাসে ১১ কোটি ১০ লাখ বার ভিউ হয়েছে। নেটফ্লিক্সের ইতিহাসে এটাই সবচেয়ে সফল সিরিজ। গত বছরের নভেম্বরে নেটফ্লিক্স আরও জানায়, ১০৬ কোটি ঘণ্টার ভিউয়ারশিপ নিয়ে সবচেয়ে বেশি সময় দেখা সিরিজের রেকর্ড গড়েছে ‘স্কুইড গেম’।

এদিকে লি জং-জে পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘হান্ট’ গত মাসে দক্ষিণ কোরিয়ায় মুক্তির পর অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। গত মে মাসে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা শাখার বাইরে এর উদ্বোধনী প্রদর্শনী হয়।

লি জং-জে আমেরিকায় ডিজনি প্লাসের ‘স্টার ওয়ারস’ সিরিজ ‘দ্য অ্যাকোলাইট’-এর শুটিং করছেন। ২০২৩ সালে এটি মুক্তি পাবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে মাইক্রোসফট থিয়েটারে ৭৪তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। ২০২১ সালের ১ জুন থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত প্রচারিত টিভি অনুষ্ঠান থেকে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস।

সেরা ড্রামা সিরিজ হয়েছে এইচবিও’র ‘সাকসেশন’। একই চ্যানেলের ‘ইউফোরিয়া’র সুবাদে সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জেন্ডায়া। সেরা কমেডি সিরিজ হয়েছে অ্যাপল টিভি প্লাসের ‘টেড লাসো’।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প