ফের শোকের ছায়া নেমেছে বলিউডের টেলিপাড়ায়। প্রয়াত হলেন ‘ইয়ে রিশতা কেয়া কাহলাতা হে’, ‘সসুরাল সিমর কা’, ‘রক্ষা বন্ধন’ সিরিজের অন্যতম অভিনেত্রী বৈশালী টক্কর।
পুলিশ সূত্রে খবর, নিজের ইন্দোরের বাড়িতে আত্মঘাতী হন অভিনেত্রী। ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে তার ঘর থেকেই। মিলেছে একটি ডায়েরি। যাতে রীতিমতো লেখার অভ্যাস ছিল বৈশালীর। তথ্যের হদিশ পেতেই সেই ডায়েরি খতিয়ে দেখছে পুলিশ। যদিও তদন্ত করার পরেই বাকি সবকিছু জানানো সম্ভব হবে। এখনই সবকিছু জানানো সম্ভব নয়, বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, গত বছর থেকে বাবা মায়ের সঙ্গে ইন্দোরের বাড়িতেই তিনি থাকতেন। তবে তার এই সিদ্ধান্তের কারণ এখনও অজানা।
গত বছর এপ্রিলে কেনিয়ায় প্রতিষ্ঠিত অভিনন্দন সিংয়ের সঙ্গে তার এনগেজমেন্ট হয়। যদিও সেটি বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। সোশ্যাল মিডিয়াতে বেশ সরব ছিলেন অভিনেত্রী।
২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কাহলাতা হে’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন বৈশালী। সেখানে তার চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত সেখানে অভিনয় করেন তিনি। এর পর একে একে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমর কা’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। বৈশালীকে শেষবার দেখা যায় ‘রক্ষাবন্ধন’ নামক টিভি শো-তে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




