আশির দশকের মরমী গানের জনপ্রিয় শিল্পী মো. ইব্রাহীম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায় নিজ বাসভবনে মারা যান তিনি।
খবরটি নিশ্চিত করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ। শিল্পী ইব্রাহীম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।
‘কি আছে জীবনে আমার’, ‘কোনও একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনও জানতে চেয়েছো’- জনপ্রিয় এসব গানের শিল্পী মো. ইব্রাহীম। এখনও এই গানগুলো গুন গুন করে গেয়ে থাকেন শ্রোতারা।
১৯৭২ সাল থেকে ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চারশ’ গান করেছেন ইব্রাহীম। তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে, ‘কি আছে জীবনে আমার’, ‘বিনোদিয়া, ‘ভবের মানুষ’, ‘নিষ্ঠুর পৃথিবী’, ‘আর কান্দাইওনা’, ‘কবর হলো রুহের হোল্ডিং নাম্বার’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটির দেহ যাবে পচে’ প্রভৃতি।
৪-৫ বছর আগে প্রকাশ পায় তার শেষ অ্যালবাম ‘ভাবদরিয়া’। যার বেশিরভাগই গানই মো. ইব্রাহীমের রচনা ও সুর করা।




