শোবিজ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রসূন আজাদ। সম্ভাবনার প্রদীপ জ্বালিয়ে নিজেই যেন নিভে গেছেন। এখন তাকে না পাওয়া যায় কাজের মঞ্চে, না থাকেন আলোচনার টেবিলে। মাঝে গেলো বছর খবরের শিরোনাম হয়েছিলেন বিয়ে প্রসঙ্গে। এরপর ফের নীরবতা।
সেই নীরবতা ভাঙলো সুখবর দিয়ে। প্রসূনের ঘর আলোকিত করে পৃথিবীতে এসেছে সন্তান। মা হয়েছেন তিনি।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রসূন।
শনিবার (১৯ নভেম্বর) ছেলের একটি ছবি প্রকাশ করে মনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন বিখ্যাত ‘নিশি রাত বাঁকা চাঁদ’ গানের চারটি লাইন। যেখানে ফুটে উঠেছে, তার আশাহত জীবনে নতুন আলো খুঁজে পাওয়ার বাণী।
লাইনগুলো এমন- ‘জীবনের পথে পথে চলিতে, যত আশা গিয়েছিলো ফুরায়ে/ গজমতি হার যেন ধূলিতে, ভিখারীনি পেলো আজ কুড়ায়ে’।
এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) রাতেই সন্তানের খবরটি প্রকাশ্যে এনেছেন প্রসূনের স্বামী ফারহান গাফফার। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘আমরা পুত্র সন্তানের বাবা মা হয়েছি। মা ও সন্তানের জন্য প্রার্থনা করবেন।’
উল্লেখ্য, ২০১২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন প্রসূন আজাদ। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া নাটকেও ছিলো তার সরব উপস্থিতি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘পদ্মাপুরাণ’ সিনেমায়। এটি মুক্তি পায় গত বছরের অক্টোবরে।
ব্যবসায়ী ফারহানের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো প্রসূনের। এরপর গত বছরের ৩০ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।




