শীতের সঙ্গে সংগীতের একটা সংযোগ রয়েছে। শীত এলেই গোটা বাংলায় ধুম পড়ে যায় নানাবিধ কনসার্টের। তবে অন্যসব শীতায়োজন ছাপিয়ে যাচ্ছে এবারের ইন্তেজাম। ঢাকায় বসছে দুই দিনের মেগা কনসার্ট। যাতে অংশ নিচ্ছেন ৩২ ব্যান্ডের দুই শতাধিক সংগীতশিল্পী।
আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর রাজধানীর আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠিত হবে এই মেগা কনসার্ট। এটির আয়োজন করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। কনসার্টটির নাম ‘ঢাকা রক ফেস্ট ৩.০’। কনসার্ট ব্যবস্থাপনায় স্কাই ট্র্যাকার।
এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার (২৪ ডিসেম্বর) বাংলালিংকের প্রধান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম। এছাড়া হাজির ছিলেন ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল, এভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনসাশ, কার্নিভালসহ বিভিন্ন ব্যান্ডের সদস্যরা।
স্কাই ট্র্যাকারের ডিরেক্টর সাজিদ ইসলাম বলেন, ‘দেশের তরুণ প্রজন্মের কাছে রক মিউজিক অসম্ভব জনপ্রিয়। কনসার্টপ্রেমী তরুণ গোষ্ঠীকে প্রতিবারের মতো এবারও আমরা আনন্দে ভাসাতে চাই। তাদের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি নিয়মিত আয়োজন করি আমরা।’
অন্যদিকে কাজী উরফী আহমদের ভাষ্য, ‘বাংলালিংক দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে। ঢাকা রক ফেস্ট আমাদের সেই প্রচেষ্টারই বহিঃপ্রকাশ।’
আয়োজকরা জানান, ‘ঢাকা রক ফেস্ট ৩.০’র গেইট ওপেন হবে ২৭ ও ২৮ ডিসেম্বর রোজ সকাল ১০টায়। শো শুরু হবে সকাল ১১টা থেকে। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক-এর ওয়েবসাইটে। প্রতিদিনের টিকিটের মূল্য ৫০০ টাকা। তবে দুই দিনের কম্বো প্যাকেজে দাম পড়বে ৯০০ টাকা।
২৭ ডিসেম্বর লাইনআপ
আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রক্ষ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সারকাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক ও উন্মাদ।
২৮ ডিসেম্বর লাইনআপ
আফটার ম্যাথ, আরবোভাইরাস, অর্থহীন, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সিন, সাবকনসাশ ও ওয়ারফেজ।




