ফেরা নয়, ঢুঁ মারলেন রিচি সোলায়মান!

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৯:২৭

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা অভিনেত্রী রিচি সোলায়মান। সংসার-সন্তান নিয়েই তার ব্যস্ততা। তবে মাঝে মধ্যে দেশে ফেরেন। পরিবার, আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে যান। সেই সঙ্গে ঢুঁ মারেন শোবিজ পাড়ায়, হাজিরা দিয়ে যান দর্শকের কাছে। 

ব্যতিক্রম হয়নি এবারও। বেশ কিছু দিন হলো দেশে অবস্থান করছেন রিচি। এই ফাঁকে তাই দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। কোনও অনুষ্ঠান বা ফটোশুটে নয়, একেবারে পুরোদস্তুর অভিনেত্রী হয়ে কাজ করলেন একটি নাটকে। নাম ‘মৎস্য কন্যা’। মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। এতে রিচি সোলায়মানের সঙ্গে থাকছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল, সৈকত সিদ্দিক প্রমুখ। প্রযোজনায় শাহরিয়ার শাকিল।  

দীর্ঘ বিরতির পর অভিনয় করা প্রসঙ্গে রিচির মন্তব্য, ‘অনেক দিন পর নাটকে কাজ করলাম। অসাধারণ একটি গল্প। সমুদ্র উপকূলের মানুষের জীবন সংগ্রামের উপাখ্যান। আসলে কাজের ডাক তো অনেক পাই। তবে এমন চ্যালেঞ্জিং চরিত্র কম। তাই এটি পেয়ে আর না করতে পারিনি।’

‘মৎস্য কন্যা’য় অভিনয়কে রিচির নাটকে ফেরা ভাবার সুযোগ নেই। কারণ, তিনি দেশে বেড়াতে এলে সময়-সুযোগ-পছন্দ অনুযায়ী কাজ করেন। এটাকে বড়জোর ঢুঁ মারা বলা যেতে পারে।   

‘মৎস্য কন্যা’ নাটকের শুটিংয়ের স্থিরচিত্র উল্লেখ্য, রিচি সোলায়মান নব্বই দশক থেকে একাধারে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দেড় শতাধিক খণ্ড এবং ৪০টির বেশি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেকুর রহমানকে বিয়ে করেন রিচি সোলায়মান। এরপর পাড়ি জমান সেখানে।

২০১৯ সালের দিকে সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছিলেন রিচি। তবে সেই উদ্যোগের আর অগ্রগতি দেখা যায়নি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প