ফ্রান্সের বিখ্যাত গায়ক, পারকাশনিস্ট ও সুরকার মানু থেরন এখন বাংলাদেশে। যিনি ঢাকার শ্রোতাদের সরাসরি গান শোনাবেন ৬ মার্চ।
মেইল বার্তার মাধ্যমে বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করে অঁলিয়স ফ্রঁসেস ঢাকা কেন্দ্র থেকে।
জানানো হয়, এদিন (সোমবার) সন্ধ্যা ৭টা থেকে মানু থেরন গান শোনাবেন রাজধানীর মিরপুর রোডে অবস্থিত অঁলিয়স ফ্রঁসেসের ক্যাফে লা ভেরানডায়।
সংগীতের বহুমাত্রিক প্রতিভার অধিকারী মানু থেরন। কণ্ঠ, সুর আর সংগীতায়োজন ছাড়াও তিনি অন্য শিল্পীদের জন্য গান তৈরিতে সিদ্ধহস্ত। মানু থেরনের আরেকটি বড় দিক লোকগান। তিনি ফ্রান্স তো বটেই, গোটা বিশ্বের লোকগান নিয়েও ভাবেন। সেগুলোকে তুলে ধরার চেষ্টাও চালান।
মানু থেরনের গান:
সম্প্রতি এই শিল্পী বাংলাদেশে এসে ছুটে গেছেন গাজীপুরের একটি বাউল আসরে। সেখানে তিনি লালনের গান দারুণ উপভোগ করেন। এরপর নিজের সোশাল হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ করে বাংলাদেশের ফোক গানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন। ফ্রান্সের বন্ধুদের উদ্দেশে মানু বলেন, ‘আমি স্বপ্ন দেখছি, একদিন এই অসাধারণ মিউজিশিয়ানদের আমার দেশে আমন্ত্রণ জানাতে পারবো।’




