বিশিষ্ট সংগীতশিল্পী মিতা হক মারা গেছেন ২০২১ সালের ১১ এপ্রিল। সে হিসেবে পাঁচ দিন পরই তার দ্বিতীয় প্রয়াণ দিবস। এ উপলক্ষে শিল্পীকে স্মরণের বিশেষ আয়োজন করছে তার গড়ে যাওয়া প্রতিষ্ঠান ‘সুরতীর্থ’। তা হলো- বিনামূল্যে স্বাস্থ্য সেবা।
শুক্রবার (৭ এপ্রিল) কেরাণীগঞ্জের বড় মনোহরিয়ায় মিতা হকের নিজস্ব বাসভবনে এ সেবা প্রদান করা হবে। ‘মিতা-যুবরাজ ফ্রি হেলথ ক্যাম্প’ শীর্ষক এ আয়োজনে ‘সুরতীর্থ’র সঙ্গে সার্বিক সহযোগিতায় থাকছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকে শুরু হবে এই হেলথ ক্যাম্প। এতে স্থানীয় মানুষেরা এসে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারবেন। দুপুর ১টা পর্যন্ত চলবে আয়োজনটি।
উল্লেখ্য, মিতা হকের জন্ম ১৯৬২ সালে। ছোটবেলায় চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সনজীদা খাতুনের কাছে সংগীতের তালিম নেন তিনি। ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করতেন এই গুণী শিল্পী।
সংগীতে অসামান্য অবদানের জন্য ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন মিতা হক। এর আগে ২০১৬ সালে তিনি পেয়েছিলেন শিল্পকলা পদক। তার প্রতিষ্ঠিত ‘সুরতীর্থ’ থেকে সংগীতের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রয়াত অভিনেতা খালেদ খানের (যুবরাজ) স্ত্রী মিতা হক। সেই সূত্রে তাদের দুজনের নামেই স্বাস্থ্যসেবার নামকরণ করা হয়েছে।




