দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক শওকত আলী ইমন। শুধু নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এমন নয়, তার হাত ধরে গানের ভুবনে সাফল্য পেয়েছেন আরও অনেক শিল্পী। যাদেরকে সংগীতের ভাষায় বলা যায়- শিষ্য। ইমনের তেমনই এক শিষ্যের নাম আকাশ মাহমুদ। যিনি গান গাওয়ার পাশাপাশি সুর-সংগীতে শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন।
ঈদ উপলক্ষে এই গুরু-শিষ্য মিলে ব্যতিক্রম একটি কাজ নিয়ে আসছেন। তারা একসঙ্গে কণ্ঠ দিয়েছেন একটি গানে। আবার সে গানের সুর-সংগীতও করেছেন একত্রে। গানটির শিরোনাম ‘প্রেমের জয় পরাজয়’। এর কথা লিখেছেন জাকির মাস্টার।
গানটি নিয়ে শওকত আলী ইমন বলেন, ‘আকাশের অনুরোধে হঠাৎ করেই এই পরিকল্পনা করা। আমরা দুজনেই সুর-সংগীত করার পাশাপাশি গেয়েছি। আমি এর আগে বিভিন্ন ঘরনার গান গেয়েছি। তবে এবার আমার কণ্ঠে শ্রোতারা ফোক গান শুনতে পারবে। গানের শুটিংও অনেক মজা করে করেছি। আমার বিশ্বাস এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
আকাশ মাহমুদের ভাষ্য, ‘গুরুর সঙ্গে গান করতে পারার যে অনুভূতি, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য বসের প্রতি অনেক কৃতজ্ঞতা। আশা করছি আমাদের দ্বৈত গানটি শ্রোতাদের মন জয় করে নেবে।’
সম্প্রতি ফরিদপুর ও রাজবাড়ি জেলার বিভিন্ন মনোরম স্থানে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। নির্দেশনা দিয়েছেন আশিক মাহমুদ। ঈদ উপলক্ষে ড্রিম মিউজিক ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হবে।




