দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। বছরের বৃহত্তম এ উৎসবকে ঘিরে নতুন নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন শিল্পীরা। তবে ঈদের ১০ দিন আগেই ঈদ উপহার দিলেন এ প্রজন্মের গায়ক মাহতিম শাকিব। প্রকাশ হয়েছে তার নতুন গান ‘তোমাকে ভুলতে ভুলে যাই’।
বুধবার (১২ এপ্রিল) গানটি ভিডিওসমেত প্রকাশ হয়েছে নাইস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এতে সুর দিয়েছেন গায়ক মাহতিম নিজেই। আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
গানটি নিয়ে মাহতিম শাকিবের মন্তব্য, ‘সামনে ঈদ, এক দিন পর পহেলা বৈশাখ। সবমিলে উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে। এমন সময়ে শ্রোতাদের জন্য গানটি আমাদের পক্ষ থেকে বিশেষ উপহার। চেষ্টা করেছি কথা-সুরে সুন্দর একটি গান করতে। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন।’
অন্যদিকে গীতিকবি জীবন বললেন, ‘মাহতিম এই প্রজন্মের অত্যন্ত মেধাবী কণ্ঠশিল্পী। তার কণ্ঠে বিশেষত্ব আছে। আমাদের যৌথ গানগুলো শ্রোতারা বরাবরই ভালোবেসে গ্রহণ করেছেন। তাই নতুন গান করা। এবার মাহতিম সুরও করেছে দারুণ। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, এর আগে জীবনের কথায় বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব। এগুলো হলো- ‘যদি’, ‘একলা হলেই বুঝতে পারি’, ‘আমি তোর হবো বলে’, ‘আমি তোমাকে হারাতে চাইনি’, ‘ছোঁয়াতে ভালোবাসা’ ও ‘যাবো আমি কই’।








