নকীব খান, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, জেমসের পথ ধরে ব্যান্ড মিউজিকের শহর চট্টগ্রামে নতুন নতুন ব্যান্ড সৃষ্টি হচ্ছে এখনও। এমন ৩০টি নতুন ব্যান্ড এবার ঐক্যবদ্ধ হয়ে যুক্ত হলো চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (সিএমবিএ)-এর সঙ্গে।
১৭ এপ্রিল চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে সিএমবিএ-এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমে যুক্ত হয়েছেন ব্যান্ড সদস্যরা। রেজিস্ট্রেশন কার্যক্রমের পাশাপাশি আলোচনা ও ইফতার মাহফিলে মিলিত হন চট্টগ্রামের ব্যান্ড জগতের পুরনো সদস্যরাও।
সিএমবিএ জানায়-প্রায় পাঁচ বছর পর সংগঠনে নতুন করে ব্যান্ড অন্তর্ভুক্তি ঘটলো। সম্প্রতি অনুষ্ঠিত জয়বাংলা কনসার্টে চট্টগ্রামের ১৪টি ব্যান্ড তাদের মৌলিক গান নিয়ে কনসার্টে পারফর্ম করে। যাকে চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে সিএমবিএ।
ওই কনসার্টের সফলতায় উজ্জীবিত হয়ে সিএমবিএ-কে নতুন করে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন তারা।
প্রায় ৬০টি ব্যান্ড থেকে বাছাই করে ৩০টি ব্যান্ড নিয়ে এ নতুন যাত্রা তাদের। ব্যান্ড মিউজিকের আঁতুড়ঘর চট্টগ্রামে ব্যান্ড মিউজিককে গতিশীল, মানসম্পন্ন ও প্রচার-প্রসারে ভূমিকা রাখবে সিএমবিএ। এমনটাই মনে করেন সংগঠনটির সভাপতি সমর বড়ুয়া।
অনুষ্ঠানে নতুন ব্যান্ড সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব জেকব ডায়েস। আরও ছিলেন সিএমবিএ-এর সাধারণ সম্পাদক রায়হান আল হাসান (ফিডব্যাক) ও কার্যকরী সদস্যবৃন্দ।
সভায় সিএমবিএ-এর কার্যপ্রণালী ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনের ভূমিকায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক কাজী মাসুদুল হক। অনুষ্ঠানের মুক্ত আলোচনায় উপস্থিত সকল ব্যান্ডের প্রত্যেক প্রতিনিধি নিজ নিজ ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সিএমবিএ’র সহ-সাধারণ সম্পাদক কায়সার জাবেদ বলেন, ‘আমরা আসন্ন রকফেস্ট নিয়ে বৃহৎ পরিকল্পনা সাজিয়েছি। রকফেস্ট ছাড়াও কিছু চমক দেবার প্রস্তুতি নিয়ে কাজ করছে সিএমবিএ-র নিবেদিত সদস্যরা।’
আগের ১৫টির সঙ্গে নতুন যে ৩০ ব্যান্ড সিএমবিএ-এর সঙ্গে যুক্ত হলো- স্টোন, সফট টাচ, খুঁটি, ব্যান্ড নং ১৬/৭১, ইতিহাস, ওয়ার্নিং, দ্য লাস্ট মার্ক, লাইনার্স, দ্য ভাইব্রেশান, রক এন ট্রেন, জলরং, আর্তনাদ, ওয়ারিয়র্স,ভায়োলেন্ট মেশিন, অন্তহীন, নেক্সাস, প্রিজম, ওয়াই এস বি, রক-নট, রং পেন্সিল, ছুটি, উষ্ণতা, মেলোডি অব সিক্স স্ট্রিংস, অফ টাচ, বনসাই, বেলিকোজ, দ্য ইমাশান, ফানুশ, বন্দর ও অ্যামেচার।




