অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) কোয়ালিফাইং ফিল্ম ফেস্টিভাল ‘শর্ট শর্টস’-এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘লাইফ: লো বাজেট শর্ট ফিল্ম’। এটি নির্মাণ করেছেন হেমন্ত সাদীক।
চলতি বছরের ৬ থেকে ২৬ জুন উৎসবটি অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিওতে। ১৯৯৯ সালে টোকিও গভর্নরের সহায়তায় প্রতিষ্ঠিত এই উৎসবটি এখন এশিয়ার অন্যতম বৃহৎ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের ২৫ বছরপূর্তি উপলক্ষে এ বছর (২০২৩) বর্ণিল আয়োজনে সাজানো হচ্ছে উৎসব। বিশ্ব-চলচ্চিত্রের উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ নির্মাতা-প্রযোজক-পরিবেশকদের উপস্থিত থাকার কথা রয়েছে এতে।
উল্লেখ্য, উৎসবের ২৫তম আসরের অফিসিয়াল সিলেকশন লাইনআপে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র ‘লাইফ: লো বাজেট শর্ট ফিল্ম’। চলচ্চিত্রটির নির্মাতা হেমন্ত সাদীককেও আমন্ত্রণ জানানো হয়েছে উৎসবে।
হেমন্ত বলেন, ‘অল্প বাজেটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে যেমন নুন আনতে পান্তা ফুরায় আমাদের, তাতে কখনোই তৃপ্ত হতে পারি না নির্মাণ প্রক্রিয়া নিয়ে। তেমনই ক্ষেত্রবিশেষে মনে হয়, জীবনটাও যেন একটা স্বল্প বাজেটের শর্ট ফিল্মের বাস্তবতার উদাহরণ। সেসব বিষয় উঠে এসেছে চলচ্চিত্রটিতে। এটি যেহেতু খুবই নিরীক্ষাধর্মী উপায়ে মোবাইল ফোনে শুট করা, তাই দ্বিধাগ্রস্ত ছিলাম এটা দর্শকদের সঙ্গে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারবে তো! সে কারণে এই উৎসবের খবরটা যেমন আনন্দিত করেছে আমাদের, ভবিষ্যৎ এক্সপেরিমেন্টের বিষয়ে উৎসাহিতও করেছে।’
রোদ্দুর চলচ্চিত্র ও ড্রিম শ্যাডো প্রযোজিত এই চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। চিত্রগ্রাহক সমর ঢালী। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন সাইফ রাসেল। অভিনয় করেছেন আসমা আখতার লিজা, রুহুল রহমান সোহাইল, আদনান চৌধুরী, মিজান রহমান, জামান মনির, ফারহান শুভ মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষক তানভীর নাহিদ খান প্রমুখ।
চলচ্চিত্রটির পরিবেশক ‘সিনেমা বাংলাদেশ’।
প্রসঙ্গত, সিনেমা বাংলাদেশ পরিবেশিত সর্বশেষ চলচ্চিত্র ‘খোয়াব’ গোয়া ফিল্ম বাজারের সম্মানজনক সেকশন ‘ফিল্ম বাজার রিকমেন্ডেড শর্ট’ হিসেবে নির্বাচিত হয়েছিল। এ বছরেই একটি গুরুত্বপূর্ণ উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবার কথা রয়েছে চলচ্চিত্রটির।



