ঢালিউডের ‘মিয়া ভাই’ খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অভিনেতার পরিবারের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।
ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমা অঙ্গনে। কেননা তিনি ছিলেন ইন্ডাস্ট্রির অভিভাবকের মতো। অনেক তারকাই সোশ্যাল হ্যান্ডেলে শোকবার্তা দিচ্ছেন তাকে নিয়ে।
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান জানালেন, ফারুকের স্নেহধন্য তিনি। তাই কালজয়ী এই নায়কের প্রয়াণে অভিভাবকশূন্যতা অনুভব করছেন শাকিব।
বললেন, ‘যতদিন তিনি সুস্থ সবল ছিলেন, ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যেকোনও ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ হলে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন। আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি।’
ফারুকের আত্মার শান্তি কামনা করে শাকিব বলেছেন, ‘তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।’
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ফারুক। টানা চার মাসের বেশি সময় ধরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গেলো বছরের অক্টোবরেও তার স্ত্রী ফারহানা ফারুক জানিয়েছিলেন, অভিনেতা সুস্থ হয়ে উঠছেন। শিগগিরই ফিরবেন দেশে। কিন্তু শেষ পর্যন্ত আর মায়াবী হাসিটা নিয়ে ফিরতে পারলেন না ঢালিউডের ‘লাঠিয়াল’।








