এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে দেশের শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। সেখানে বিভিন্ন শহরে কনসার্ট করে বেড়াচ্ছে এর সদস্যরা। সঙ্গে দেশ-প্রকৃতি দেখার কাজও সেরে নিচ্ছেন সমান্তরালে। তাদের এই দর্শন অভিজ্ঞতায় এবার চমৎকার একটি অধ্যায় যুক্ত হলো। পৃথিবীর বিখ্যাত ‘ওয়েস্টলেক স্টুডিও’তে পা রেখেছেন ‘চিরকুট’ সদস্যরা।
গত সোমবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডে অবস্থিত বিখ্যাত এই স্টুডিওতে যান শারমিন সুলতানা সুমী ও তার দল। সেখানে গিয়ে শুধু পরিদর্শন নয়, গানও রেকর্ড করেছেন তারা।
এই ফাঁকে বলা জরুরি, ওয়েস্টলেক হলো বিশ্বসংগীতের অন্যতম কালজয়ী স্টুডিও। ৭০-দশকে তৈরি হওয়া এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইম্যাজিন ড্রাগনস, চেইন স্মোকার, হুইটনি হিউসটন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ বিখ্যাত সব শিল্পীর গান-অ্যালবামের রেকর্ডিং হয়েছে।
‘কিং অব পপ’ খ্যাত সর্বকালের অন্যতম সেরা বিনোদন তারকা মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের পুরোটাই ওয়েস্টলেক স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। জানা যায়, এখানে তিনি বিভিন্ন অ্যালবামের আরও অনেক গান করেছেন। তার স্মৃতিও সংরক্ষিত আছে স্টুডিওটির একটি বিশেষ কক্ষে।
জ্যাকসনের স্মৃতি বিজড়িত স্টুডিওতে ‘চিরকুট’র শ্রোতাপ্রিয় গান ‘আহারে জীবন’ নতুন সংগীতায়োজনে রেকর্ড করা হয়েছে। এমন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করে ব্যান্ডটির প্রধান শারমিন সুলতানা সুমী বলেন, ‘এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমাদের ব্যান্ডের ২১ বছরের পথচলায় একটি স্মরণীয় দিন। আমরা আমাদের অর্ধেক বা তার বেশি জীবন স্টুডিওতে কাটিয়েছি। স্টুডিও আমাদের স্বস্তি, বাড়িঘর। বাংলাদেশ থেকে এসে আজ হলিউডের এই স্টুডিওতে, এত জগদ্বিখ্যাত মানুষের গন্ধমাখা জায়গাটাতে আমরা সারা দিন রেকর্ড করেছি। সারা দিন কাটিয়েছি। সৃষ্টিকর্তা আমাদের এত দিয়েছেন, কৃতজ্ঞতায় বারবার নুয়ে যাই আমরা।’
সুমী জানান, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রে তাদের গাওয়া ‘আহারে জীবন’ গানটি এখন কোটি মানুষের আবেগ। সেই আবেগের প্রতি সম্মান জানিয়েই ঐতিহাসিক এই স্টুডিওতে গানটি পুনরায় রেকর্ড করলেন তারা। যা খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে।
এদিকে, সম্প্রতি নতুন একটি গান প্রকাশ করেছে ‘চিরকুট’। এর শিরোনাম ‘চকলেট’। গানটি শোনা যাচ্ছে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে।
প্রসঙ্গত, গেলো ৮ মে ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক দুই মাসব্যাপী কনসার্ট ট্যুরে যুক্তরাষ্ট্রে গেছে ‘চিরকুট’। ইতোমধ্যে দেশটির বস্টন, নিউ ইয়র্ক, শিকাগো, মিশিগান, অস্টিন, ডালাস ও সান ফ্রান্সিসকোয় কনসার্ট সেরেছেন তারা। আগামী ১৬ জুন ওকলাহোমা, ১৮ জুন সিয়াটল, ২৪ জুন ভার্জিনিয়া ও ২৫ জুন পুনরায় নিউ ইয়র্কে শো করবে ব্যান্ডটি।




