ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি। শুধু এর নির্মাণেই ব্যয় হয়েছে ৬০০ কোটি রুপি। এর বাইরে আনুষাঙ্গিক আরও খরচ তো রয়েছে। অন্যদিকে ছবির প্রেক্ষাপট হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’; যেটা ভারতীয়দের আবেগের সঙ্গে মিশে আছে। ফলে ছবিটির সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু ঠিকঠাক নৌকা বানাতে না জানলে সেটার যে সলিল সমাধি হবে, তা বলা বাহুল্য।
বলা হচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’র কথা। ওম রাউত নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা প্রভাস, বলিউডের কৃতি স্যানন ও সাইফ আলি খান। গত শুক্রবার (১৬ জুন) এটি ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পায়।
ধর্মীয় আবেগের জোরে ছবিটির বিপুল টিকিট অগ্রিম বিক্রি হয়। ফলে প্রথম দুই দিন এর আয়ও ছিল আকাশচুম্বী। বক্স অফিস বিশ্লেষক মানোবালা বিজয়াবালানের তথ্য অনুযায়ী, প্রথম দিন ছবিটি বিশ্বব্যাপী আয় করে ১৩৬ কোটি ৮৪ লাখ রুপি। দ্বিতীয় দিন অংকটা কমে ৮১ কোটি ২১ লাখ রুপিতে আসে। তৃতীয় দিন ছিল রবিবার; অর্থাৎ ভারতের সাপ্তাহিক ছুটির দিন। ফলে এ দিন আয় কিছুটা বেড়ে ৮৫ কোটি ৩৬ লাখ রুপি হয়।
কিন্তু সোমবার (১৯ জুন) থেকেই অবস্থা বেগতিক হতে শুরু করে। এদিন বিশ্বব্যাপী ছবিটির আয় হয়েছে ২৪ কোটি ৫ লাখ রুপি। আর মঙ্গলবার (২০ জুন) যেন আরও বড় অমঙ্গল ভর করেছে ‘আদিপুরুষ’র ওপর। মাত্র ১৭ কোটি ৯৩ লাখ রুপি আয় হয়েছে সর্বসাকুল্যে!
ফলে পাঁচ দিন পেরিয়ে এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৩৪৫ কোটি ৩৯ লাখ রুপি। যদিও ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের দাবি, পাঁচ দিনে আয় হয়েছে ৩৭৫ কোটি রুপি।
সাধারণত কোনও আলোচিত সিনেমার আয়ের অংক এতোটা ধ্বসে পড়তে দেখা যায় না। কিন্তু যেই হারে ‘আদিপুরুষ’র আয় কমছে, তাতে এটি ৫০০ কোটির মাইলফলক পার করতে পারবে কিনা, তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। অথচ এর বাজেট ৬০০ কোটির বেশি!
প্রশ্ন হতে পারে, এতো বড় আয়োজনের সিনেমার এই দুর্গতি হচ্ছে কেন? উত্তর হলো- ছবির নির্মাণশৈলি ও সংলাপ। একদিকে দুর্বল ভিএফএক্স ও অপ্রাসঙ্গিক সাজসজ্জা, অন্যদিকে আপত্তিকর, হাস্যকর সংলাপ। অবশ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংলাপ সংশোধন করে কয়েকদিনের মধ্যে ছবির নতুন একটি ভার্সন হাজির করবেন তারা।
‘আদিপুরুষ’-এ আরও অভিনয় করেছেন সানি সিং, দেবদত্ত নাগে, ভাটসাল শেঠ, সোনাল চৌহান প্রমুখ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




