পাঁচশত পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের বৈঠকি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। ৭ জুলাই, শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে বিশেষ পর্বটি প্রচার হবে। এমনটাই নিশ্চিত করেন চ্যানেলটির গণমাধ্যম মুখপাত্র রিয়াদ শিমুল।
তিনি জানান, এই পর্বে গান পরিবেশন করবেন দেশের অন্যতম সংগীতশিল্পী দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা। দুই ঘণ্টা ব্যাপ্তির সরাসরি এ অনুষ্ঠানে নিজেদের পছন্দের গানের পাশাপাশি দর্শকদের অনুরোধে বেশ কিছু গান শোনাবেন তারা।
উল্লেখ্য, প্রতি শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়ে আসছে এ অনুষ্ঠান। আধুনিক, ফোক, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ বিভিন্ন ধারার শীর্ষ জনপ্রিয় শিল্পীরা এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন। বৈঠকি ঘরানার এ আয়োজন শুরু থেকেই দর্শকমহলে সমাদৃত। দর্শকদের পাশাপাশি শিল্পীদেরও অন্যতম প্রিয় অনুষ্ঠান হিসেবে আলোচিত এটি।
নির্মাতা কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।





