ভারতের টেলিভিশন জগতে তুমুল জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। শুধু ভারতে নয়, অনুষ্ঠানটির গ্রহণযোগ্যতা রয়েছে আন্তর্জাতিক পর্যায়েও। বলিউডের তাবড় তারকারা এই অনুষ্ঠানে আসতে মুখিয়ে থাকেন। এখানে এসে সিনেমার প্রচার করতে পারলে যেন তৃপ্তির ঢেঁকুর আসে অনেকের মনে।
তবে হাস্যরসে ভরপুর এই অনুষ্ঠান বারবার বিতর্কে পড়েছে। আর প্রত্যেকবারই অনুষ্ঠানকর্তা কপিলের কারণে প্রশ্নের মুখে পড়েছে এটি। কখনও কমেডিয়ান সুনীল গ্রোভারের গায়ে হাত তুলেছেন তিনি, কখনও আবার মত্ত অবস্থায় টুইট করে পড়েছেন রোষানলে। এসব ছাড়া ব্যক্তিগত ইস্যু নিয়ে মজা করার অভিযোগও আছে এই অনুষ্ঠানের বিরুদ্ধে।
এবার তেমনই এক অভিযোগ তুললেন অনুষ্ঠানটির অন্যতম পারফর্মার সুমনা চক্রবর্তী। কৌতুকের নামে তার চেহারা নিয়ে সবসময়ই তাচ্ছিল্য করেন কপিল। এত দিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার সুমনা মুখ খুললেন। জানালেন, কপিল শর্মার এসব জোকসে তিনি কষ্ট পান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুমনা বলেছেন, ‘প্রথম দিকের এক পর্বে আমার মুখ নিয়ে যখন মজা করা হয়, দর্শক খুব একটা হাসেনি। তবে এক পর্বে এরকম জোকস শুনে দর্শক হেসেছিল। যেটা দেখে অনেক খারাপ লেগেছিল।’
একদিন শুটিংয়ের ফাঁকে সুমনা মন খারাপ করে বসে ছিলেন, তখন অর্চনা পুরাণ সিং (অনুষ্ঠানের সদস্য) এসে তার কাছে বিষয়টি জানতে চান। সে ঘটনা বর্ণনা করে সুমনা বলেন, “আমার মনে আছে, অর্চনা আমার কাছে এসে বসে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার মন খারাপ কেন?’ আমি বলেছি, তারা আমার ঠোঁট, মুখ সব কিছু নিয়ে মজা করে। আমি তো কখনও সংলাপ ভুলে যাই না, সে (কপিল) ভুলে যায়; আর তখনই আমাকে নিয়ে উল্টাপাল্টা বলে মানুষ হাসায়। আমি স্ট্যান্ড-আপ কমেডিয়ান নই, আমি তো এরকম জোকস বলতে পারি না।”
সেদিন সুমনাকে সান্ত্বনা দেওয়ার জন্য অর্চনা বলেছিলেন, ‘তুমি যদি নিজেকে নিয়ে হাসতে পারো, তাহলে কখনও অস্বস্তি বোধ করবে না। আর দ্বিতীয়ত তোমার ঠোঁট ও মুখের বিষয়ে যদি বলি, তোমার এমন কিছু আছে, যেটার জন্য অন্য নারীরা টাকা খরচ করে।’
সাম্প্রতিক সময়ে অবশ্য সুমনার ঠোঁট-মুখ নিয়ে মজা করা কিছুটা কমিয়ে দিয়েছেন কপিল শর্মা। আর সুমনা নিজেও আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বলে জানালেন।
উল্লেখ্য, ‘দ্য কপিল শর্মা শো’তে সুমনা ছাড়াও পারফর্ম করেন কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, ভারতী সিং, রচেল রাও, চন্দন প্রভাকর-সহ অনেকে।
সূত্র: পিঙ্কভিলা




