দেশে মুক্তির এক সপ্তাহ পরই উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে ওঠে হিমেল আশরাফ নির্মিত সিনেমা ‘প্রিয়তমা’। যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশিরা ছবিটি বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। যেটার প্রমাণ মিলল বক্স অফিস রিপোর্টে। দুই সপ্তাহে সেখানে ছবিটির টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে এক লাখ মার্কিন ডলার।
তথ্যটি জানালেন ‘প্রিয়তমা’র আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি জানান, বাংলাদেশের চতুর্থ সিনেমা হিসেবে ১ লাখ ডলারের ক্লাবে প্রবেশ করলো ‘প্রিয়তমা’। দুই সপ্তাহ পেরিয়ে এই ছবির টিকিট বিক্রির পরিমাণ ১ লাখ ১২ হাজার মার্কিন ডলার। এর আগে ‘দেবী’, ‘পরাণ’ ও ‘হাওয়া’ এই মাইলফলক অতিক্রম করেছে।
প্রথম সপ্তাহে ৮৪ হাজার ডলারের টিকিট বিক্রি হয় ‘প্রিয়তমা’র। দ্বিতীয় সপ্তাহে অংকটা ২৮ হাজার ডলার। দুই সপ্তাহের পরিসংখ্যানে দেখা যায়, নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ ৫২ হাজার ৭০০ ডলারের টিকিট বিক্রি হয়েছে। এরপর রয়েছে কানাডার টরন্টোর সিনেপ্লেক্স এগলিন্টন, যেখানে বিক্রি হয়েছে ১৭ হাজার ৭০০ ডলার।
গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। তবে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা নেমে আসে পাঁচটিতে। তৃতীয় সপ্তাহে কেবল যুক্তরাষ্ট্রের জ্যামাইকা মাল্টিপ্লেক্সের একটি থিয়েটারে চলছে ছবিটি।
বলা দরকার, উত্তর আমেরিকায় এই পর্যন্ত মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনও ‘হাওয়া’র দখলে। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি ৩ লাখ ৫৮ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছিল।
তবে ‘প্রিয়তমা’র আয়ে সন্তুষ্ট পরিবেশক মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তার ভাষ্য, “আমেরিকার সামার ভ্যাকেশনে হলিউড ছবিগুলোর দাপট থাকে। এই পরিস্থিতিতে, প্রাইম লোকেশন ছাড়া মুক্তি পেয়ে ‘প্রিয়তমা’ যে পারফর্ম করলো, সেটা আসলে দুর্দান্ত। সিনেমাটির সংশ্লিষ্ট সকলে বিশাল একটা ধন্যবাদ প্রাপ্য।”
উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, এলিনা শাম্মী প্রমুখ।








