গ্র্যামি পুরস্কারজয়ী ও ভারত রাষ্ট্রপতির পদ্মবিভূষণ পাওয়া সংগীত কিংবদন্তি পণ্ডিত বিশ্ব মোহন ভাট। ক্লাসিক মিউজিকের এই সংগীতজ্ঞের সঙ্গে গাইবার সুযোগ পেলেন ঢাকার তরুণ রবীন্দ্রসংগীত শিল্পী স্বপ্নীল সজীব। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ট্রিবিউট টু ঠাকুর’ নামের একটি শ্রদ্ধার্ঘ্যে একত্রিত হয়েছেন তারা।
দুজনে রবীন্দ্রনাথের ‘বঁধু, মিছে রাগ কোরো না’ গানটি পুনরায় তৈরি করেছেন।
কাজটি প্রসঙ্গে বিশ্ব মোহন ভাট বলেন, ‘বাংলাদেশের এমন একজন তরুণ, প্রতিভাবান এবং পরিশ্রমী রত্নটির সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। এই শ্রদ্ধাঞ্জলির জন্য বিভিন্ন সংগীত প্রতিভাদের একত্রিত হওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
স্বপ্নীল সজীব বলেন, ‘তাঁর মতন একজন মহান শিল্পীর সাথে কাজ করে আমার একটি স্বপ্ন সত্যি হয়েছে। এই অভিজ্ঞতার মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি, এবং এই শ্রদ্ধার অংশ হতে পেরে আমি সত্যিই সম্মানিত।’
এই গানটির সঙ্গে পণ্ডিত প্রদ্যুত মুখার্জির উপস্থিতিও রয়েছে। তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের একজন সম্মানিত ভোটিং সদস্য এবং জিএমএ পুরস্কার বিজয়ী। প্রদ্যুত মুখোপাধ্যায় দুজনের সঙ্গে সংগীতায়োজনে সংগত করেছেন বলে জানান স্বপ্নীল।
তৈরি হয়েছে একটি ভিডিও। এটি নির্মাণ করেছেন শুভদীপ বাগ।
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে এই আগস্টে স্বপ্নীল সজীবের ইউটিউব চ্যানেলে এই শ্রদ্ধাঞ্জলি প্রকাশিত হবে।



