একদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুকূল নয়, আবার গত দুই সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। ফলে এমন সময়ে নতুন ছবি মুক্তি দিতে উৎসাহ পাচ্ছেন না অনেকে। তবু স্বল্প পরিসরে শুক্রবার (৩ নভেম্বর) দুটি ছবি মুক্তি পাচ্ছে। এগুলো হলো ‘মেঘের কপাট’ ও ‘অসম্ভব’।
এর মধ্যে ‘মেঘের কপাট’ ছবিটি কেবল ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে প্রদর্শিত হবে। অন্যদিকে সরকারি অনুদানে নির্মিত ‘অসম্ভব’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সসহ দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে।
‘অসম্ভব’ ছবিটি পরিচালনা করেছেন অরুণা বিশ্বাস। দীর্ঘ অভিনয় জীবনে এই প্রথম তিনি পরিচালনার দায়িত্ব সামলেছেন। ছবিটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা প্রমুখ।
ছবিটি নিয়ে অরুণা বিশ্বাস বলেছেন, “অসম্ভব’ অবশ্যই একটি সহজ গল্পের ছবি। পরিবার, বন্ধুত্ব, দেশ ও প্রেমের ছবি। আমি এটা বলতে চাই না যে, বিশ্ববিখ্যাত কিছু বানিয়ে ফেলেছি। তবে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি সুন্দর, সহজ, সরল একটি গল্প বলার। যেটা মানুষ দেখতে চায়।”
অন্যদিকে ‘মেঘের কপাট’ বানিয়েছেন ওয়ালিদ আহমেদ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।
নিজের নির্মিত প্রথম ছবির মুক্তি প্রসঙ্গে ওয়ালিদ আহমেদ বলেন, “রাজনৈতিক অস্থিরতা ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রতি সম্মান রেখে কেবল দুটি হলে আমাদের ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। তবে ঢাকার বাইরের দর্শকের হতাশ হওয়ার কিছু নেই। কারণ শিগগিরই আমরা ছবিটি ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে মুক্তি দেওয়ার ব্যবস্থা নেবো।”
শ্রীমঙ্গলের অপরূপ লোকেশনে ধারণ করা হয়েছে ‘মেঘের কপাট’। ছবিটির মূল প্রেক্ষাপট ভালোবাসা। ছবির নায়কের ভাষ্য, ‘এটি একটি নিখাদ ভালোবাসার গল্প। অভিমানী মানুষগুলো আবার ভালোবাসতে শিখবে। বিরহের মেঘ ঝরিয়ে ভালোবাসার বৃষ্টি নামাবে দর্শকের মনে। তাই যারা চলচ্চিত্রের মাঝে ডুব দিতে চান তাদের বলবো, এটা আপনাদেরই জন্য।’
প্রসঙ্গত, শুক্রবার (৩ নভেম্বর) দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে একটি হলিউড ছবিও মুক্তি পাচ্ছে। যেটার নাম ‘টেইলর সুইফট: দ্য এরাস ট্যুর’। এটি মূলত মার্কিন এই পপ তারকার সাম্প্রতিক কনসার্ট ট্যুরের ভিডিওচিত্র দিয়ে বানানো একটি ছবি। পরিচালনা করেছেন স্যাম রেঞ্চ।




