ঢাকার মঞ্চে নচিকেতা: এভাবেও চলে যাওয়া যায়!

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৩, ১৭:৪৫আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৩:২৯

গানটি ধরার আগে কিছু বলেননি। শুধু লম্বা সুরে শুরুটা করলেন ‘এরপর একরাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া’। এটুকুতেই সবার বোঝা হয়ে গেছে, নচিকেতা এখন তার সবচেয়ে জনপ্রিয় গানটি ধরেছেন। যেটার নাম ‘নীলাঞ্জনা’।

এই গানে যখন মিলনায়তনের দর্শক-শ্রোতার দেহ ও মন নাচছে, তখন নচিকেতা ইশারা করলেন দাঁড়িয়ে নাচতে। অনেকে দাঁড়ালেন, হাত উঁচিয়ে উল্লাসে ডুবতে চাইলেন। কিন্তু কে জানতো, সেই উল্লাসের ভিড়েই চুপটি করে মঞ্চ ছেড়ে বিদায় নেবেন ‘অনির্বাণ’র বন্ধু! অথচ সবার মনে আকাঙ্ক্ষা ছিল, ঢাকা সফর নিয়ে কিছুটা অনুভূতি ব্যক্ত করবেন শিল্পী। 

নচিকেতা চক্রবর্তী হ্যাঁ, শুক্রবার (১০ নভেম্বর) রাতে ঢাকার অনুষ্ঠান থেকে এমন অকস্মাৎ বিদায় নেন নচিকেতা চক্রবর্তী। কিছু না বলে, কাউকে বুঝতে না দিয়ে। অবশ্য কাউকে পরোয়া না করা; এটাই তো তার স্টাইল। তবে মঞ্চ ছাড়ার আগে গান ও কথায় যে মুগ্ধতা তিনি ছড়িয়ে গেছেন, শ্রোতাদের মাঝে তার রেশ রয়ে যাবে আজীবন।

পশ্চিমবঙ্গের নন্দিত শিল্পী নচিকেতার আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ৩০ বছর উদযাপনের লক্ষ্যেই ঢাকায় আয়োজন করা হয় ‘তিরিশে নচিকেতা’। স্থান কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়ন। আজব কারখানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাত সাড়ে ৮টার দিকে মঞ্চে ওঠেন নচিকেতা। কিছু বললেন না, শুধু একটা উড়ো চুম্বন ছুঁড়ে দিলেন সবার দিকে। জীবনমুখী গানের শিল্পী হিসেবে পরিচিত তিনি, তাই জীবনের বন্দনা দিয়েই শুরু করলেন পরিবেশনা। ‘অন্তবিহীন পথচলাই জীবন’ গানটি তার সঙ্গে শ্রোতারাও গাইলেন মনভরে।

নচিকেতা চক্রবর্তী এরপর নচিকেতার কণ্ঠে এক এক করে বেরিয়ে আসে ‘অ্যাম্বিশন’, ‘অনির্বাণ’, ‘দিন শেষে রাত্রি আসে’, ‘বৃদ্ধাশ্রম’, ‘ইচ্ছে’, ‘রাজশ্রী’র মতো গানগুলো। আর ফাঁকে ফাঁকে স্বভাবসুলভ কথার মজায় ডুবিয়ে রাখেন সবাইকে। কখনও কৌতুক শুনিয়েছেন, তো কখনও ধমক দিয়েছেন শ্রোতাদের; যারা অনবরত মোবাইল ফোনে ভিডিও করছিলেন। নচিকেতার সাফ হুঁশিয়ারি, মন দিয়ে গান শুনতে হবে।

ঢাকায় আসা, হাজার মানুষের সামনে গান গাওয়া এসব বিষয়ে খুব বেশি কিছু বলেননি নচিকেতা। শুধু নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘১৯৯৩ সালে শুরু করেছিলাম, ৩০ বছর তো হয়ে গেল। একটু আগেই একজন জিজ্ঞাসা করছিল- আমার চাওয়া-পাওয়া পূর্ণ হয়েছে কি না? আমার মনে হয়, আমার সব পাওয়া হয়ে গেছে।’

নচিকেতা চক্রবর্তী নচিকেতার আগে অনুষ্ঠানটিতে গান পরিবেশন করেন ঢাকার শিল্পী জয় শাহরিয়ার। মূলত তিনিই এই কনসার্টের আয়োজন করেছেন।

বলা দরকার, পশ্চিমবঙ্গে গানের ধারা পাল্টে দেওয়া তিন কিংবদন্তি শিল্পী কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী ও অঞ্জন দত্ত। এর আগে সুমন ও অঞ্জন ঢাকায় এসে বড় পরিসরে গান গেয়েছেন। বাকি ছিলেন নচিকেতা। তাকে সরাসরি শোনার ইচ্ছেটাও এবার পূরণ হলো ঢাকাবাসীর।

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প