প্রয়াণ দিনে স্মরণ

সঞ্জীবহীন ১৬ হেমন্ত

বিনোদন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ০০:০৭আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৩:০৫

জোছনার ছায়া আর কান্নার রঙ ছুঁয়ে তিনি বিরাণ পথের দিকে হেঁটে গেছেন এই দিনে। যে পথের শেষ নেই, সঙ্গী নেই। তার সেই অনন্তলোক যাত্রার ১৬ বছর আজ। তবু যখনই বেজে ওঠে ‘আমি তোমাকেই বলে দেবো’ কিংবা ‘চোখটা এতো পোড়ায় কেন’; তিনি হাজির হন শ্রোতাদের মনে-চোখে; চিরঞ্জীব হয়ে।

হ্যাঁ, নন্দিত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর কথাই বলা হচ্ছে। ২০০৭ সালের আজকের (১৯ নভেম্বর, প্রথম প্রহরে) দিনে মারা গেছেন তিনি। বাইলেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সেই তার জীবনাবসান হয়।

দেশের সংগীত মহলে কথাসমৃদ্ধ গানের প্রচলনে যারা আমৃত্যু লড়াই করেছেন, তাদের একজন সঞ্জীব চৌধুরী। গতানুগতিক ধারার বাইরে গিয়ে তিনি গান বুনেছেন, যেগুলো আজও মুগ্ধ হয়ে শোনে শ্রোতারা।

সঞ্জীব চৌধুরী ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন তিনি। বাকি পড়াশোনা, জীবিকা সবই ঢাকায়। উচ্চতর ডিগ্রি নিয়েছিলেন সাংবাদিকতা বিষয়ে। এরপর দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

তবে বিশ্ববিদ্যালয় জীবনেই গানের সঙ্গে সক্রিয় সখ্য সঞ্জীব চৌধুরীর। শুরুটা ছিল ‘শঙ্খচিল’ নামের একটি ব্যান্ডের সঙ্গে। পরে নিজেই গঠন করেন ‘দলছুট’; যেটা ঢাকার অন্যতম ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় সময়ের সঙ্গে। এই ব্যান্ডের হয়ে ‘আহ্’ (১৯৯৭), ‘হৃদয়পুর’ (২০০০), ‘আকাশচুরি’ (২০০২) ও ‘জোছনা বিহার’ (২০০৭) অ্যালবামগুলো উপহার দিয়েছিলেন সঞ্জীব।

তার কণ্ঠে ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, ‘আমি তোমাকেই বলে দেবো’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘কথা বলবো না’, ‘এই নষ্ট শহরে’, ‘রিকশা’, ‘চোখটা এতো পোড়ায় কেন’ ইত্যাদি গানগুলো অসামান্য জনপ্রিয়তা পেয়েছে।

সঞ্জীব চৌধুরী চলে গেলেও তার ‘দলছুট’ আগলে রেখেছেন বাপ্পা মজুমদার। একক শিল্পী হিসেবে খ্যাতি-সম্মাননা পেলেও এখনও সেই ব্যান্ডের নামেই কনসার্ট করেন বাপ্পা। যা তাদের মধ্যকার অনিন্দ্য সম্পর্কের বয়ান দেয় প্রজন্মের কাছে।  

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প