বাফটা মনোনয়নেও শীর্ষে, ‘ওপেনহাইমার’কে ঠেকাবে কে!

জনি হক
জনি হক
১৯ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫৯

অস্কারের পথে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে! তিন ঘণ্টা দৈর্ঘ্যের চলচ্চিত্রটি গোল্ডেন গ্লোবসে পাঁচটি এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে আটটি পুরস্কার জিতেছে। ৭৭তম বাফটা অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকাতেও শীর্ষে আছে এটি। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ সর্বাধিক ১৩টি বিভাগে মনোনীত হয়েছে এই ছবি। ২০০৫ সালে প্রকাশিত কাই বার্ড ও মার্টিন জে. শেরউইনের লেখা ‘আমেরিকান প্রমিথিউস: দ্য ট্রিয়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ গ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির প্রকল্প তদারকি করেন পদার্থবিদ জে. রবার্ট ওপেনহাইমার। তার চরিত্র ফুটিয়ে তোলায় সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন কিলিয়ান মারফি। ওপেনহাইমারের স্ত্রী ক্যাথেরিন চরিত্রের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন এমিলি ব্লান্ট। 

গতকাল (১৮ জানুয়ারি) ইংল্যান্ডের লন্ডন থেকে ইউটিউব ও টুইটারে লাইভের মাধ্যমে মনোনয়ন তালিকা ঘোষণা করেছে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের চলচ্চিত্রে সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবার।  

‘ওপেনহাইমার’ ছবিতে কিলিয়ান মারফি ও এমিলি ব্লান্ট সর্বাধিক মনোনীত চলচ্চিত্র

১৩টি–ওপেনহাইমার
১১টি–পুয়োর থিংস
৯টি–কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, দ্য জোন অব ইন্টারেস্ট
৭টি–অ্যানাটমি অব অ্যা ফল, দ্য হোল্ডওভারস, মায়েস্ত্রো
৬টি–অল অব আস স্ট্রেঞ্জার্স
৫টি–বার্বি, সল্টবার্ন

বারবেনহাইমার লড়াই

ব্যবসাসফল ‘ওপেনহাইমার’-এর বক্স অফিস প্রতিদ্বন্দ্বী ‘বার্বি’ পেয়েছে পাঁচটি মনোনয়ন। এতে বার্বি পুতুল চরিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্গো রবি। বার্বির প্রেমিক কেন চরিত্রের সুবাদে সেরা সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন কানাডিয়ান তারকা রায়ান গসলিং।

২০২৩ সালে বৈশ্বিক বক্স অফিসে সবচেয়ে বেশি আয় এবং সমালোচকদের প্রশংসা কুড়ানো সত্ত্বেও বাফটায় সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে ‘বার্বি’। পুতুলের নারীবাদী জাগরণের বক্তব্য নিয়ে ছবিটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ। তবে সেরা পরিচালক বিভাগে জায়গা পাননি তিনি। যদিও সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে ‘বার্বি’র চিত্রনাট্যকার হিসেবে আছে তার ও নোয়া বাউমবাকের নাম। ‘বার্বি’র দৃশ্যে রায়ান গসলিং ও মার্গো রবি

‘বার্বি’র সমানসংখ্যক বিভাগে মনোনীত হয়েছে ‘সল্টবার্ন’। দ্বিতীয় সর্বোচ্চ ১১টি মনোনয়ন এসেছে ‘পুয়োর থিংস’-এর ঘরে। ছবিটিতে আত্মহত্যার পর বিজ্ঞানীর সহায়তায় প্রাণ ফিরে পাওয়া বেলা চরিত্র ফুটিয়ে তোলার জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন এমা স্টোন। গোল্ডেন গ্লোব না জিতলেও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জয়ের পর বাফটায় মনোনীত হওয়ায় তার জন্য অস্কারের আশা বাড়লো।

নারী কেবল একজন

সেরা পরিচালক হিসেবে নারীদের মধ্যে ফ্রান্সের জাস্টিন ত্রিয়েত ৭৬তম কান উৎসবে স্বর্ণপাম জয়ী ‘অ্যানাটমি অব অ্যা ফল’-এর জন্য মনোনীত হয়েছেন। সেরা পরিচালক বিভাগে থাকা পাঁচ জনের তিন জনই ব্রিটিশ। তারা হলেন জনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট), অ্যান্ড্রু হেইগ (অল অব আস স্ট্রেঞ্জার্স) ও ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)। তাদের আমেরিকান দুই প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার পেইন (দ্য হোল্ডওভারস) ও ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো)। ক্রিস্টোফার নোলান ও কিলিয়ান মারফি

৭৬তম কান উৎসবে গ্রাঁ প্রিঁ জয়ী ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ অসাধারণ ব্রিটিশ সিনেমা, সেরা অ-ইংরেজি সিনেমা, সেরা রূপান্তরিত চিত্রনাট্যসহ ৯টি বিভাগে মনোনীত হয়েছে। জার্মান ভাষার ছবিটির গল্প একজন নাৎসি কমান্ড্যান্টের পরিবারকে কেন্দ্র করে, যারা পোল্যান্ডের আউশউইৎস বন্দিশিবিরের পাশেই বসতি গড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেখানে ১১ লাখের বেশি মানুষকে হত্যা করে নাৎসিরা। বন্দিদের ক্রমাগত চিৎকার, বন্দুকের গুলি এবং গ্যাস চেম্বার থেকে ছড়ানো ধোঁয়া পরিবারটিকে তাড়া করে।

৩৩ বছর পর

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ৮০ বছর বয়সী রবার্ট ডি নিরো। এর মাধ্যমে অভিনয়ের জন্য ৩৩ বছর পর আবারও বাফটায় মনোনীত হলেন তিনি। সব মিলিয়ে এটি তার অষ্টম মনোনয়ন। তবে কখনোই বাফটা জেতেননি রবার্ট ডি নিরো। ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে লিলি গ্ল্যাডস্টোন ও লিওনার্দো ডিক্যাপ্রিও

এবারও ডি নিরোকে হতাশ হতে হবে! সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে ফেভারিট রবার্ট ডাউনি জুনিয়র। গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জয় এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসে মনোনীত হওয়ার পর এবার বাফটায় মনোনয়ন পেয়েছেন তিনি। অস্কারেও তাকে বাজিমাত করতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

নিরঙ্কুশ ফেভারিট

‘দ্য হোল্ডওভারস’ ছবির জন্য পল জিয়ামাটি সেরা অভিনেতা বিভাগে ও ডে’ভাইন জয় র‌্যান্ডলফ সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস জয়ের পর স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন। এবার বাফটায় মনোনীত হলেন তারা। অস্কারের পথে নিরঙ্কুশ ফেভারিট ভাবা হচ্ছে এই দুই আমেরিকান তারকাকে। ‘অ্যানাটমি অব অ্যা ফল’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবির দৃশ্যে সান্ড্রা হুলার

একের ভেতর দুই

‘অ্যানাটমি অব অ্যা ফল’-এর জন্য সেরা অভিনেত্রী এবং ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী দুই বিভাগেই মনোনীত হয়েছেন জার্মান তারকা সান্ড্রা হুলার।

আমেরিকান সুরকার লেওনার্ড বার্নস্টিনের বায়োপিক ‘মায়েস্ত্রো’র জন্য সেরা অভিনেতা এবং সেরা পরিচালক দুই বিভাগেই মনোনয়ন পেয়েছেন ব্র্যাডলি কুপার। আমেরিকান অভিনেত্রী ফেলিসিয়া মন্টেলগ্রের সঙ্গে বার্নস্টিনের সম্পর্ক তুলে ধরা হয়েছে এতে। ফেলিসিয়া চরিত্রের সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন ক্যারি মালিগ্যান।

ইউক্রেনের মিস্তিস্লাভ চেরনোভের ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ সেরা অ-ইংরেজি চলচ্চিত্র এবং সেরা প্রামাণ্যচিত্র দুই বিভাগেই মনোনয়ন পেয়েছে।

‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’ প্রামাণ্যচিত্রের দৃশ্য ব্রিটিশ নারী পরিচালক এমারেল্ড ফেনেলের ‘সল্টবার্ন’ ছবিতে ধনী বিশ্ববিদ্যালয় পড়ুয়া চরিত্রের সুবাদে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগের পাশাপাশি উদীয়মান তারকা হিসেবে ইই বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার জ্যাকব এলোর্ডি। অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে মনোনীত ‘সল্টবার্ন’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে আইরিশ তারকা ব্যারি কিওগ্যান এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন ব্রিটিশ তারকা রোজামুন্ড পাইক।

প্রথমবার মনোনয়ন

‘রাই লেন’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে প্রথমবার বাফটায় মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ তারকা ভিভিয়ান অপারাহ। তালিকায় এটি অন্যতম চমক।

১৯৮২ সালে প্রকাশিত অ্যালিস ওয়াকারের ধ্রুপদি উপন্যাস ‘দ্য কালার পারপল’ অবলম্বনে নির্মিত একই নামের ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে ফ্যান্টাসিয়া বারিনো এবং সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে ড্যানিয়েল ব্রুকস প্রথমবার মনোনীত হয়েছেন। কৃষ্ণাঙ্গ অন্য তারকাদের মধ্যে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন কোলম্যান ডমিঙ্গো (রাস্টিন)।

‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ ছবির পোস্টার তালিকায় জাপান-কোরিয়া

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে গোল্ডেন গ্লোব জয়ী জাপানের হায়াও মিয়াজাকি পরিচালিত ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’। এর গল্প এক বালককে কেন্দ্র করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাকে হারানোর পর রহস্যময় একটি হেরন পাখির সঙ্গে পরিচয় হয় তার। 

ছবিটির ইংরেজি সংস্করণে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়ে অভিনয় করেছেন হলিউড তারকা ক্রিশ্চিয়ান বেল, রবার্ট প্যাটিনসন, ফ্লোরেন্স পিউ, উইলেম ড্যাফো, মার্ক হ্যামিল, ডেভ বাটিস্টা, জেমা চ্যান, কারেন ফুকুহারা।

‘পাস্ট লাইভস’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ কোরিয়ার তেয়ো ইয়ু। তালিকায় তার নাম আরেক চমক।

জায়গা পাননি যারা

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ৯টি বিভাগে মনোনয়ন পেলেও এর প্রধান দুই অভিনয়শিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিও আর লিলি গ্ল্যাডস্টোন এবং পরিচালক মার্টিন স্করসেসি জায়গা পাননি। অথচ এবারের গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন আদিবাসী লিলি।

ভেনিস উৎসবে স্বর্ণসিংহ জয়ী ‘পুয়োর থিংস’ ১১টি বিভাগে মনোনয়ন পেলেও সেরা পরিচালক হিসেবে তালিকায় জায়গা পাননি গ্রিসের ইয়োর্গোস লানতিমোস।  

‘পুয়োর থিংস’ ছবিতে এমা স্টোন স্যার অ্যান্থনি হপকিন্স অভিনীত ব্রিটিশ চলচ্চিত্র ‘ওয়ান লাইফ’ মনোনয়ন তালিকায় স্থান করে নিতে পারেনি। এতে শেয়ারবাজারের দালাল চরিত্রে দেখা গেছে তাকে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাত থেকে ৬৬৯ ইহুদি শিশুর প্রাণ বাঁচিয়েছিলেন।

লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে আগামী ১৮ ফেব্রুয়ারি বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি প্রথমবারের মতো সঞ্চালনা করবেন বিবিসির ‘ডক্টর হু’ সিরিজ খ্যাত স্কটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট। রবার্ট ডাউনি জুনিয়র ও কিলিয়ান মারফি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প