না ফেরার পথে গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা নিজেই...

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২

সব প্রস্তুতি শেষ। বুধবার (৭ ফেব্রুয়ারি) ঘড়ির কাঁটায় সময় তখন বিকাল সাড়ে ৫টা। অতিথিরাও ততক্ষণে আসতে শুরু করেছেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। উপলক্ষটা হচ্ছে ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার শো। সকলে বেশ আনন্দে নিজেদের মধ্যে কথা-বার্তা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। জানা গেলো, সিনেমার অন্যতম অভিনেতা আহমেদ রুবেল আর নেই! 

এই নেই-এর পেছনের ঘটনা জানতে হলে খানিকটা সময় পেছনে যেতে হবে। শুনতে হবে সিনেমার নির্মাতা ও রুবেলের সহশিল্পীদের বয়ান।

নির্মাতা নূরুল আলম আতিক জানান, সিনেমাটির পূর্ব নির্ধারিত প্রিমিয়ারে অংশ নিতে উত্তরা থেকে আহমেদ রুবেল গাড়িতে করে তিনি বসুন্ধরা সিটির পার্কিং পর্যন্ত এসেছেন যথাসময়ে। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা নিজেই। শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা দ্রুত টিমের কয়েকজনকে নিচে নামতে বলেন। ততক্ষণে অভিনেতা লুটিয়ে পড়েছেন পার্কিং ফ্লোরে। সবাই মিলে আহমেদ রুবেলকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়। সিএনজিতে নেয়ার পথেই নিস্তেজ হয়ে পড়েন রুবেল। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিনেপ্লেক্সে ততক্ষণে ভয়ংকর শোকের ছায়া নেমেছে, সঙ্গে হয়েছে ছবিটি প্রদর্শনে নির্ধারিত সময়। দেশের বরেণ্য সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক সকলেই উপস্থিত সেখানে। সকলের মধ্যে দ্বিধা যে সিনেমাটি দেখানো হবে কিনা। পরিচালক নূরুল আলম আতিক হাসপাতাল থেকে খবর পাঠান, সিনেমাটি যেনো দেখানো হয়। তার মতে, রুবেলকে শ্রদ্ধা নিবেদন করা হবে এই প্রদর্শনের মধ্যে দিয়ে।

নাসির উদ্দিন ইউসুফ, তারিক আনাম খান, জয়া আহসান, শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি উপস্থিত অতিথিদের কাছেও জানতে চান যে তারা আসলে সিনেমা দেখতে চান কি না। দর্শকরাও তখন জানান যে, সিনেমাটির মধ্য দিয়ে শিল্পী রুবেলকে তারা শ্রদ্ধা নিবেদন করতে চান। সিদ্ধান্ত হলো ‘পেয়ারার সুবাস’ প্রিমিয়ারের। এক মিনিট নীরবতা পালন করার পর আহমেদ রুবেলকে উৎসর্গ করে শুরু হয় ‘পেয়ারার সুবাস’ প্রদর্শন।

পেয়ারার সুবাস যে ছবিটি সবার সঙ্গে বসে দেখার কথা ছিলো, সেটি সবাই দেখলো বটে; কিন্তু একই সময়ে অভিনেতা রুবেল লাশ হয়ে পড়ে ছিলেন হাসপাতালের জরুরি বিভাগে।

সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘রুবেল সিনেমার কাজ করতে করতেই চলে গেলো আমাদের ছেড়ে। আমাদের জন্য ব্যাপারটা মেনে নেয়া কঠিন। তার এই অসময়ের প্রস্থান আমাদেরকে শূন্য করে দিলো।’

তারিক আনাম খান বলেন, ‘একজন শিল্পী বেঁচে থাকেন তার কাজ দিয়েই। রুবেলও তার কাজ দিয়েই আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজ যদি আমিও মারা যেতাম তাহলে সিনেমাটা প্রদর্শিত হলেই আমি খুশি হতাম।’

৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’। নূরুল আলম আতিক পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকেই। ৯২ মিনিটের এই সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লি. এবং সহ-প্রযোজনায় চরকি।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প