বিশ্ব নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে বিশেষ গান নিয়ে হাজির হলেন মৌমিতা তাশরিন নদী। ৭ মার্চ রাতে অন্তর্জালে মুক্তি পেয়েছে নতুন গান ‘মন মানে না’।
আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন আজমল কবির ও সংগীত পরিচালনায় ছিলেন হৃদয় হাসিন।
নতুন গান নিয়ে নদী বললেন, ‘সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সব নারীর জীবন সুন্দর হোক। যদিও আমার এই গানটিতে তেমন কোনও বার্তা নেই। এটা নিতান্তই একটি মৌলিক রোমান্টিক ফোক গান। মৌলিক গানের ক্ষেত্রে আমি একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। গানটি বেশ মিষ্টি। যারা ফোক ও মেলোডির মেলবন্ধন পছন্দ করেন তাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে, গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় রয়ে যাওয়ার মতো।’
বলা দরকার, এর আগে বাপ্পা মজুমদারের সঙ্গে নদীর গাওয়া ‘জলছায়া’, আসিফ আকবরের সঙ্গে ‘আজ হারাই’, একক কণ্ঠে ‘ডুবসাঁতার’, ‘দেশি গার্ল’সহ বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
মন মানে না:




