রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ১২:২৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৩২

গানের প্রাচীনতম বাণিজ্যিক মাধ্যম হিসেবে পরিচিত কলের গান বা গ্রামোফোন রেকর্ড। সময় ছিল এমন, যখন রেকর্ড বের করা কিংবা সেটা কিনে গান উপভোগ করা, সবই ছিল আরাধ্য, স্বপ্নের মতো। একটা পর্যায়ে রেকর্ডের দারুণ বাজারও তৈরি হয়েছিল। কিন্তু প্রযুক্তির দ্রুতলয়ে হারিয়ে যায় রেকর্ডের দিন। এখন তা কেবল জাদুঘরে কিংবা সৌখিন মানুষের সংরক্ষণে শোভা পায়।

সেই হারিয়ে যাওয়া রেকর্ডের জৌলুস ফেরানোর প্রচেষ্টা চলছে বিশ্বজুড়ে। এর জন্য প্রতি বছর উদযাপন করা হয় ‘ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে’। বাংলাদেশও এই প্রচেষ্টায় সামিল হয়েছে গেলো বছর। সেই ধারাবাহিকতায় এবারও উদযাপিত হতে যাচ্ছে দিবসটি।

এপ্রিল মাসের তৃতীয় শনিবার হিসেবে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশেষ আয়োজন। গেলো আসরের মতো এবারও দ্য ডেইলি স্টার ভবনের আর্ট গ্যালারিতে বসছে রেকর্ডের প্রদর্শনী ও এই সংক্রান্ত আলোচনা সভা। এ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।

এবারের আয়োজন উদ্বোধন করবেন নন্দিত কণ্ঠশিল্পী খুরশীদ আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেবেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী ও ফরিদা পারভীন।

আয়োজনটি প্রসঙ্গে খুরশীদ আলমের সঙ্গে কথা বলেছে বাংলা ট্রিবিউন। তিনি বললেন, ‘উন্নত বিশ্বের কিছু দেশে এখনও রেকর্ড বিক্রির বিষয়টি আছে। কিন্তু আমাদের দেশে সেটা একেবারে হারিয়ে গেছে। কোম্পানিগুলোও বন্ধ হয়ে গেছে বহু আগে। সুতরাং নতুন করে সেটার জৌলুস কিছুটা ফেরানোর চেষ্টা আরকি। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, ডিস্ক রেকর্ড ছিল বলেই কিন্তু স্বর্ণালী সময়ের বাংলা কিংবা হিন্দি গানগুলো চারদিকে ছড়িয়ে পড়েছিল। তো, আমি চাই এই বিষয়টি নতুন প্রজন্মের মাঝেও আসুক। আয়োজকরা যে লক্ষ্য নিয়ে দিবসটি উদযাপন করছেন, সেটা যেন সার্থক হয়।’

বলা প্রয়োজন, ভাইনাল রেকর্ডের জনপ্রিয়তা ফেরানোর লক্ষ্যে ২০০৭ সালে ‘রেকর্ড স্টোর ডে’র সূচনা হয় যুক্তরাষ্ট্রে। এর মূল ভাবনা আসে মার্কিন প্রতিষ্ঠান ‘বুল মুজ মিউজিক’র কর্ণধার ক্রিস ব্রাউন ও ক্রিমনাল রেকর্ডস’র মালিক এরিক লেভিনের মাথা থেকে। সে বছর তারা প্রথমবার দিবসটি পালন করে। 
প্রথম বছর যুক্তরাষ্ট্রে সাকুল্যে রেকর্ড বিক্রি হয়েছিল দেড় মিলিয়ন। তবে এরপর থেকে প্রতি বছরই চমকপ্রদভাবে রেকর্ডের বিক্রি বেড়ে চলেছে। ২০২২ সালে দেশটিতে ৪১ মিলিয়নের বেশি গ্রামোফোন রেকর্ড বিক্রি হয়েছে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প