বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘দেনা পাওনা’। সেটা অবলম্বনে নির্মিত হয়েছে একটি মেগা সিরিয়াল। পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণির যৌথ চিত্রনাট্যে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। এর সংলাপ রচনা করেছেন অলভী সরকার।
উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে, শিক্ষিত, মার্জিত, ঝলমলে তরুণী পারমিতা। দুজনেই চায়, তাদের নিখাদ প্রেম, আনুষ্ঠানিক পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসাথে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু, দুই পরিবারের আর্থসামাজিক দুরত্ব অনেক। এই বিভেদ, ইরফান-পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এসব বাধা ডিঙিয়ে, ইরফান কি পারবে যোগ্য নারীকে যথার্থ মর্যাদা দিতে? পরিবার, প্রেম, আত্মসম্মান, এই সবকিছুর মোকাবেলা করতে গিয়ে, কোন লড়াইয়ে নামতে হয় পারমিতাকে? আধুনিক সময়ে, কোন ছদ্মরূপে, বারবার ফিরে আসে যৌতুকপ্রথা?
এসব প্রশ্নের উত্তর মিলবে নাটকে। আগামী শনিবার (১৮ মে) থেকে এর প্রচার শুরু হচ্ছে দীপ্ত টিভিতে। প্রতি দিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় প্রচার হবে নাটকটির পর্ব। সেই সঙ্গে চ্যানেলটির ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে এটি।
ধারাবাহিকটির পরিচালক গোলাম মুক্তাদির বলেন, “দীপ্ত টেলিভিশন সব সময় মানসম্পন্ন নাটক নির্মাণ করে আসছে। ‘দেনা পাওনা’তেও আমরা সেই মানকে অক্ষুণ্ণ রেখে দর্শককে ভালো একটি গল্প বলতে চাই। আশা করি ধারাবাহিকটি দর্শকপ্রিয় হবে।”
নাটকের বিভিন্ন চরিত্রে থাকছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এছাড়া একঝাঁক তরুণকেও পাওয়া যাবে এতে। এর মধ্যে তনুশ্রী কারকুন (পারমিতা), তনয় বিশ্বাস (ইরফান), কাজী কানিজ (রিয়া), শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, তিশা চৌধুরী, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, নাফিয়াত প্রমি, সাজ্জাদ হোসেন প্রমুখ উল্লেখযোগ্য।




