কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা প্রতিটি ছবির প্রদর্শনী শেষে টানা কয়েক মিনিট দাঁড়িয়ে একসঙ্গে করতালি দেন দর্শকরা। সাগরপাড়ের শহরটিতে এমন অভিবাদন পরিণত হয়েছে ঐতিহ্যে। উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের বিভিন্ন প্রেক্ষাগৃহে এই দৃশ্য দেখা যায় প্রতিদিন। যেকোনও ছবির কলাকুশলীদের জন্য এই অভিজ্ঞতা নিঃসন্দেহে আনন্দের।
৭৭তম কান উৎসবের পঞ্চম দিন ছিল শনিবার (১৮ মে)। আগের চার দিন বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে কোনোটি ৭ মিনিট, কোনোটি ৬ মিনিট আবার কোনোটি ৫ মিনিটের অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) পেয়েছে। সব ছবিকে ছাপিয়ে মূল প্রতিযোগিতায় থাকা ‘এমিলিয়া পেরেস’ পেয়েছে টানা ৯ মিনিটের করতালি। এর সঙ্গে শোনা গেছে শিস ও উল্লাস। এমন অভূতপূর্ব সাড়া পেয়ে ছবিটির অভিনেত্রী সেলেনা গোমেজের চোখে জমা হয় আনন্দ অশ্রু।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মূল প্রতিযোগিতা বিভাগের আকর্ষণ ছিল ফ্রান্সের জ্যাক অদিয়াঁর পরিচালিত স্প্যানিশ ভাষার সংগীতনির্ভর ছবি ‘এমিলিয়া পেরেস’। এতে আরও অভিনয় করেছেন জোয়ি স্যালডানা, এডগার রামিরেজ, কার্লা সোফিয়া গাসকোন। ২০১৫ সালে ‘ধীপান’ ছবির মাধ্যমে স্বর্ণপাম জিতেছেন জ্যাক অদিয়াঁর। ১৯৯৪ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ওয়াচ দ্য মেন ফল’ ক্রিটিকস’ উইকে নির্বাচিত হয়। তার ছয়টি ছবি অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে। এরমধ্যে রয়েছে ‘আ প্রফেট’, ‘অব রাস্ট অ্যান্ড বোন’ ও ‘দ্য অলিম্পিয়াডস’।
কানের লালগালিচায় এর আগেও জৌলুস ছড়িয়েছেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। ২০১৯ সালে উৎসবটির উদ্বোধনী ছবি ‘দ্য ডেড ডোন্ট ডাই’র প্রচারণার জন্য এসেছিলেন তিনি। অন্যদিকে জোয়ি স্যালডানা ২০১৩ সালে নিজের অভিনীত ‘ব্লাড টাইস’ ছবি নিয়ে প্রথমবার কানে পা রাখেন।
মূল প্রতিযোগিতা বিভাগে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শনিবার বিকেল ৩টায় চীনের জিয়া জাং-কি পরিচালিত ‘কট বাই দ্য টাইডস’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে।
প্রতিযোগিতার বাইরে
গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে রাত ৯টা ৪৫ মিনিটে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় কানাডার এভান জনসন, গ্যালেন জনসন ও গাই ম্যাডিন পরিচালিত ‘রিউমার্স’। এতে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট। লালগালিচায় এসে ভক্তদের প্রতি চুম্বন উড়িয়ে দেন তিনি। কানে ২০১৫ সালে মূল প্রতিযোগিতায় থাকা ‘ক্যারল’ ছবির প্রচারে এসেছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা। ২০১৮ সালে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন তিনি।
ছবিটির প্রদর্শনী শেষে ৪ মিনিটের অভিবাদন দিয়েছেন দর্শকরা। এতে আরও অভিনয় করেছেন অ্যালিসিয়া ভিক্যান্ডার, চার্লস ড্যান্স, দনি মেনোশেঁ, তাকেহিরো হিরা, রোলান্ডো রাভেলো, নিকি আমুকা-বার্ড।
পালে দে ফেস্টিভ্যাল ভবনের আনিয়েস ভারদা থিয়েটারে শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে স্পেশাল স্ক্রিনিংসে ছিল ক্লদ ব্যারা পরিচালিত অ্যানিমেটেড ছবি ‘সভেজ’। কান প্রিমিয়ার বিভাগে শনিবার রাত ৭টা ৩০ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে দেখানো হয় ফ্রান্সের লিউস ক্যারাক্স পরিচালিত “ইট’স নট মি”। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে মিডনাইট স্ক্রিনিংস হিসেবে ছিল ফ্রান্সের নোইমি মেরল্যঁ পরিচালিত ‘দ্য ব্যালকোনেটস’।
সংবাদ সম্মেলন
মূল প্রতিযোগিতায় নির্বাচিত তিনটি চলচ্চিত্রের সংবাদ সম্মেলন ছিল শনিবার। সকাল ১০টা ১৫ মিনিটে রোমানিয়ার ‘থ্রি কিলোমিটারস টু দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ ছবির পরিচালক এমানুয়েল পারবু কথা বলেন। ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবির পরিচালক ইয়োর্গোস লানতিমোস, অভিনেত্রী এমা স্টোন, অভিনেতা উইলেম ড্যাফোসহ কলাকুশলীরা শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে এবং ‘ও কানাডা’র অভিনেতা রিচার্ড গেয়ারসহ পুরো টিম দুপুর ১২টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন কক্ষে হাজির হন।
কান ক্ল্যাসিকস
পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে শনিবার ধ্রুপদি বিভাগের চারটি প্রদর্শনী ছিল। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে কান ক্ল্যাসিকস বিভাগে দেখানো হয়েছে ফ্রান্সের জ্যঁ-পিয়ের মেলভিল পরিচালিত ‘আর্মি অব শ্যাডোস’ (১৯৬৯)। বিকাল ৫টা ৩০ মিনিটে ছিল আর্জেন্টিনার মারিও সফিচি পরিচালিত ‘রোসাউরা অ্যাট টেন ক্লক’ (১৯৫৮)। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের রন হাওয়ার্ড পরিচালিত প্রামাণ্যচিত্র ‘জিম হেনসন আইডিয়া ম্যান’ (২০২৩)। রাত ১০টায় ছিল ফ্রান্সের ডেভিড হার্তজগ দেসিতেস পরিচালিত নতুন প্রামাণ্যচিত্র ‘ওয়ান্স আপন অ্যা টাইম: মিশেল ল্যুগ্রঁ’ (১৯৫৮)।
আঁ সাঁর্তে রিগা
পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে আঁ সাঁর্তে রিগা বিভাগে চীনের গুয়ান হু পরিচালিত ‘ব্ল্যাক ডগ’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। একই ভেন্যুতে দুপুর ২টায় ছিল নরওয়ের হল্ফদান উলমন তন্দেল পরিচালিত প্রথম ছবি ‘আরমান্ড’।
সাগরপাড়ে বিনা টিকিটে প্রদর্শনী
সাগরপাড়ে খোলা আকাশের নিচে শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে সিনেমা দ্যু লা প্লাজ বিভাগে দেখানো হয়েছে আর্জেন্টিনার ড্যানিয়েল বারম্যান পরিচালিত ‘ট্রান্সমিৎজভা’ (১৯৮৫)। ভাইবোনের মধ্যকার সম্পর্ক নিয়ে এর গল্প।
সমান্তরাল বিভাগ
৫৬তম ডিরেক্টর’স ফোর্টনাইট বিভাগে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে থিয়েটার ক্রজেটে। শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট ও বিকাল ৫টা ৩০ মিনিটে দেখানো হয়েছে কানাডার ম্যাথু র্যানকিন পরিচালিত ‘ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ’। সকাল ১১টা ৩০ মিনিট ও রাত ৮টা ১৫ মিনিটে ছিল ফ্রান্সের প্যাত্রিসিয়া ম্যাজুই পরিচালিত ‘ভিজিটিং আওয়ার্স’। দুপুর ২টা ৪৫ মিনিটে দেখানো হয়েছে পর্তুগালের পাওলো কারনেইরো পরিচালিত ‘সাভানা অ্যান্ড দ্য মাউন্টেন’।
৬৩তম ক্রিটিকস’ উইক বিভাগে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে এসপেস মিরামারে। শনিবার সকাল ১১টা ১৫ মিনিট, বিকাল ৫টা ও রাত ১০টা ৩০ মিনিটে প্রতিযোগিতা বিভাগে ছিল বেলজিয়ামের লিওনার্দো ফন ডেইল পরিচালিত ‘জুলি কিপস কোয়ায়েট’। দুপুর ২টা ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে স্পেশাল স্ক্রিনিংসে দেখানো হয়েছে ফ্রান্সের অ্যালেক্সি লঙ্গলোয়াঁ পরিচালিত ‘কুইনস অব ড্রামা’।
এসিআইডি বিভাগে স্টুডিও থার্টিন থিয়েটারে সকাল ১১টা ৩০ মিনিটে, আর্কেডস ওয়ান থিয়েটারে রাত ৮টায় ও আর্কেডস টু থিয়েটারে রাত ৮টা ৩০ মিনিটে ছিল আর্জেন্টিনার আইয়ার সাইদ পরিচালিত ‘মোস্ট পিপল ডাই অন সানডেজ’। আলেকসঁন্দ থ্রি থিয়েটারে বিকাল ৫টায় ছিল ভারতের মায়সাম আলি পরিচালিত ‘ইন রিট্রিট’।









